সুবীরের পাঠশালা গড়তে ঢেউটিন ও টাকা প্রদান
ঝরে পড়া শিক্ষার্থী ও গরিব শিশুদের পড়ানোর কাজে নিয়োজিত কিশোরগঞ্জের নিকলীর সুবীর বিশ্বাসকে পাঠশালা গড়তে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার তাঁকে তিন বান্ডিল ঢেউটিন ও নয় হাজার টাকা দেওয়া হয়।
সুবীর বিশ্বাসের বাড়ি উপজেলার শিবিরপাড়া গ্রামে। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি ১১ বছর ধরে প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া ও গরিব পরিবারের শিশুদের পড়িয়ে আসছেন।
ঝরে পড়া অনেক শিশু এখন বিদ্যালয়মুখী হয়েছে। এ নিয়ে ২০১২ সালের ২৮ এপ্রিল প্রথম আলোতে ‘স্যালুট সুবীর তোমায়’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়।
প্রতিবেদনটি পড়ে দেশ-বিদেশের বহু পাঠক ও সমাজের বিভিন্ন পেশার মানুষ সুবীরকে সহায়তার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে সুবীরের নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়। এই হিসাব নম্বরে (সুবীর বিশ্বাস হিসাব নম্বর ৩৪০৭৮৪৯৯ সোনালী ব্যাংক, নিকলী শাখা, কিশোরগঞ্জ) নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি ইতিমধ্যে ১৪ হাজার টাকা জমা দিয়েছেন। এ ছাড়া উপজেলা প্রশাসন ২০১২ সালের ৪ অক্টোবর টিআর প্রকল্পের আওতায় দুই টন চাল বরাদ্দ দেয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাঠশালা হিসেবে ব্যবহারের জন্য একটি টিনের ঘর তৈরি করতে তখন সুবীরকে দুই টন চাল দেওয়া হয়।
কিন্তু চাল বিক্রির টাকা দিয়ে টিনের ঘর তোলা হলেও এর চারপাশে বেড়া দেওয়া সম্ভব হয়নি। গতকাল উপজেলা পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া তিন বান্ডিল ঢেউটিন ও নয় হাজার টাকা পাঠশালার চারপাশে বেড়া দিতে সুবীরকে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।