সুবীরের পাঠশালার জন্য চাল দিল প্রশাসন
শিশুদের পড়িয়ে অবসর সময় কাটানো কিশোরগঞ্জের নিকলীর সেই শিক্ষক সুবীর বিশ্বাসকে সহায়তার জন্য এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার দুই টন টেস্ট রিলিফের (টিআর) চাল বরাদ্দ দেওয়া হয়েছে। টিনের একটি চালাঘর বানানোর জন্য ওই বরাদ্দ দেওয়া হয়েছে।গত ২৮ এপ্রিল প্রথম আলোয় ‘স্যালুট সুবীর তোমায়’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়। নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের শিবিরপাড়া গ্রামের এই তরুণ দীর্ঘ নয় বছর ধরে বিদ্যালয় থেকে ঝরে পড়া ও গরিব পরিবারের শিশুদের পড়িয়ে আসছেন। নিজের শারীরিক প্রতিবন্ধকতা ডিঙিয়ে গ্রামের একটি গাছতলায় খোলা আকাশের নিচে শিশুদের পড়ান তিনি। বিনিময়ে টাকাপয়সা নেন না। ঝরে পড়া অনেক শিশু সুবীরের ছায়াতলে এসে এখন বিদ্যালয়মুখী।প্রতিবেদনটি পড়ে প্রথম আলোর দেশ-বিদেশের বহু পাঠক ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সুবীরকে সহায়তার আশ্বাস দেন। এরই পরিপ্রেক্ষিতে সুবীরের নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়। হিসাব নম্বরের ঠিকানা—সুবীর বিশ্বাস, হিসাব নং ৩৪০৭৮৪৯৯, সোনালী ব্যাংক নিকলী শাখা, কিশোরগঞ্জ।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহূদয় ব্যক্তি ওই হিসাব নম্বরে ১৩ হাজার টাকা জমা দিয়েছেন বলে নিকলী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক কাজী আনোয়ারুল মতিন জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবেদনটি ছাপার পরপরই জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকেই বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং তাঁকে সহায়তার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন সুবীর বিশ্বাসের পাঠশালার নামে দুই টন টিআরের চাল বরাদ্দ দিল। সুবীর বিশ্বাস জানান, ‘প্রথম আলোতে খবরটি ছাপার পর থেকে এখন পর্যন্ত শত শত মানুষ আমাকে দেখতে বাড়িতে আসছেন। অনেকেই টাকা দিয়ে সাহায্য করতে চাইছেন। কেউ ঘর করে দিতে চাইছেন।’ এটি তাঁর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।