সুবীরের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের পড়িয়ে অবসর কাটানো কিশোরগঞ্জের নিকলীর সেই শিক্ষক সুবীর বিশ্বাসকে সহায়তার জন্য এগিয়ে এসেছেন অনেকে। কেউ কেউ তাঁকে অর্থ-সহায়তা ও ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।গত ২৮ এপ্রিল প্রথম আলোর প্রথম পাতায় ‘স্যালুট সুবীর তোমায়’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়। নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের শিবিরপাড়া গ্রামের এই তরুণ দীর্ঘ নয় বছর ধরে বিদ্যালয় থেকে ঝরে পড়া ও গরিব ঘরের শিশুদের পড়িয়ে আসছেন। নিজের শারীরিক প্রতিবন্ধকতা ডিঙিয়ে গ্রামের একটি গাছতলায় শিশুদের পড়ান তিনি। বিনিময়ে টাকা-পয়সা নেন না। ঝরে পড়া অনেক শিশু সুবীরের ছায়াতলে এসে এখন বিদ্যালয়মুখী।প্রতিবেদনটি পড়ে প্রথম আলোর দেশ-বিদেশের বহু পাঠক ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সুবীরকে সহায়তার আশ্বাস দেন। এরই পরিপ্রেক্ষিতে সুবীরের নামে একটি ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়। হিসাব নম্বরের ঠিকানা: সুবীর বিশ্বাস, হিসাব নং-৩৪০৭৮৪৯৯, সোনালী ব্যাংক, নিকলী শাখা, কিশোরগঞ্জ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি গতকাল ওই হিসাব নম্বরে ১০ হাজার টাকা জমা দিয়েছেন বলে নিকলী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক কাজী আনোয়ারুল মতিন নিশ্চিত করেছেন।সুবীর বিশ্বাস বলেন, ‘আমি প্রথম আলোর কাছে কৃতজ্ঞ। পত্রিকায় খবরটি ছাপার পর থেকে শত শত মানুষ আমাকে দেখতে বাড়িতে আসছেন। অনেকে টাকা দিয়ে সাহায্য করতে চাইছেন। কেউ ঘর করে দিতে চাইছেন।’ এটি তাঁর জন্য অনুপ্রেরণা উল্লেখ করে সুবীর জানান, পড়ানো ছাড়া সমাজে আরও যেসব ভালো কাজ আছে, সেগুলো করতে চান তিনি।