
বিখ্যাত কোনো শিল্পীর অসমাপ্ত ক্যানভাসের মতো আকস্মিকভাবে থেমে গেল সুবীর চৌধুরীর জীবন। তাঁর মতো এমন প্রাণবন্ত মানুষের অন্তর্নিহিত শক্তি এমন দ্রুত নিঃশেষ হয়ে যাবে, তা ছিল কল্পনার বাইরে। গতকাল শুক্রবার বিকেলে বেঙ্গল গ্যালারিতে আয়োজিত স্মরণসভায় কথাগুলো বলছিলেন আলোচকেরা।
দেশের চারুকলা আন্দোলনের অসামান্য সংগঠক বেঙ্গল গ্যালারির পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি সুবীর চৌধুরীর স্মরণসভার আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। স্মরণসভার সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘সুবীর চৌধুরী ছিলেন শিল্পী, শিল্পসংগঠক। তিনি দেশেপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন। আন্তর্জাতিকতাকে অন্তরে ধারণ করেছিলেন। অনেকের বন্ধু ছিলেন আর সর্বোপরি ছিলেন ভালো মানুষ। এমন মানুষ ব্যক্তিগত ও সামষ্টিক স্মৃতি থেকে হারিয়ে যাবার নয়। নিজের ভান্ডার শূন্য করে তিনি দিয়ে গেছেন। এখন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে তাঁর সেই শূন্য ভান্ডার পূরণ করতে হবে।’
স্মরণসভায় সমবেত হয়েছিলেন দেশের প্রবীণ-নবীন শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুবীর চৌধুরীর স্বজন, সুহৃদ ও কলানুরাগীরা। দেশের চারুশিল্পের বিকাশে সুবীর চৌধুরীর অবদানের মূল্যায়ন, স্মৃতিচারণা, নিবেদিত কবিতাপাঠ, সংগীত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী দিয়ে সাজানো হয়েছিল স্মরণসভার কার্যক্রম।
আলোচনায় অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, সৈয়দ জাহাঙ্গীর, নিবেদিত কবিতা পাঠ করেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক। আলোচনা করেন ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অধ্যাপক নজরুল ইসলাম, সৈয়দ মনজুরুল ইসলাম, শিল্পী নাজলী লায়লা মনসুর, নাসিম আহমেদ নাদভী, মনিরুজ্জামান ও শিল্পকর্ম সংগ্রাহক দুর্জয় রহমান।
আলোচকেরা বলেন, বাংলাদেশের চিত্রকলা আজ দেশ ও বিদেশে যে পর্যায়ে পৌঁছেছে তাতে শিল্পীদের ভূমিকার পাশাপাশি সুবীর চৌধুরীর অবদানও গুরুত্বপূর্ণ। নেপথ্যে থেকেও যে বড় মাপের কাজ করা যায়, তিনি সেই দৃষ্টান্ত রেখে গেছেন। যেখানেই কাজের সুযোগ আছে বলে ভেবেছেন, সেখানেই তিনি তাঁর ভূমিকা রেখেছেন। ভ্রাম্যমাণ চারুকলা প্রদর্শনীর মধ্য দিয়ে দেশের প্রান্তিক জনগণের কাছে চারুশিল্পকে নিয়ে গিয়ে জনরুচি গড়ে তোলার চেষ্টা করেছেন। দেশের চারুশিল্পের বিকাশই ছিল তাঁর ধ্যানজ্ঞান। ব্যক্তিগত লাভ বা খ্যাতির কথা ভাবেননি।
আলোচনায় আসে তাঁর মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রসঙ্গ। মুক্তিযুদ্ধকালে তিনি কলকাতায় কমিউনিস্ট পার্টির লিয়াজোঁ অফিসে কাজ করেছেন সংগঠক হিসেবে। তবে মুক্তিযোদ্ধা হিসেবে কোনো সনদ ছিল না বলে অন্তিম বিদায়ের সময় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার দেওয়া হয়নি। এ প্রসঙ্গে আলোচকেরা বলেন, সনদের জন্য তিনি লালায়িত ছিলেন না। দেশের স্বাধীনতাই ছিল তাঁর কাম্য।
আলোচনার ফাঁকে ফাঁকে তাঁকে নিবেদন করে সংগীত পরিবেশন করেন বুলবুল চৌধুরী, শামা রহমান ও অদিতি মহসিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। আলোচনাপর্বের পর এক মিনিট নীরবতা পালন করা হয় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। শেষে ছিল সুবীর চৌধুরীর জীবন ও কাজ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী।
সুবীর চৌধুরীর জন্ম ১৯৫৩ সালে, জামালপুরে। মস্তিষ্কের শিরায় ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৩০ জুন তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে পরলোকগমন করেন।