সুভাষকে পরীক্ষা দিতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার্থী শুভাষ দেবনাথের (১৮) বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পরীক্ষায় তাকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার মিছিল ও মানববন্ধন করা হয়েছে।শুভাষের এবার ফেনীর পরশুরাম সরকারি ডিগ্রি কলেজ থেকে ব্যবসা শাখায় এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু ২৩ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ পরের দিন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়। গত রোববার শুভাষের সহপাঠীরা আইনজীবীর মাধ্যমে আদালতে তার জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।জানা গেছে, শুভাষ গত শুক্রবার সন্ধ্যায় তার বন্ধু কিশোর কুমারকে নিয়ে মোটরসাইকেল যোগে বিলোনিয়া স্থলবন্দর থেকে পরশুরাম বাজারের যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাদের মোটরসাইকেল আটক করে। এ সময় আরও দুজনকে আটক করা হয়। বিজিবি কোম্পানি কমান্ডার নিয়াজ মাহমুদ জানান, এ সময় তাদের কাছ থেকে ১৮০ এমএলের একটি হুইস্কি বোতল ও একটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে পরশুরাম থানায় মামলা করেছে। কিন্তু শুভাষের দাবি, একই রাস্তায় অপর একটি মোটরসাইকেল থেকে মাদকদ্রব্য পাওয়ায় তাদেরও মামলায় আসামি করা হয়েছে। অথচ বাকিদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল কলেজ প্রাঙ্গণ থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল বের করে। মিছিলটি পরশুরাম বাজারের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ সড়কের সামনে ফেনী-বিলোনিয়া সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষার্থীরা শুভাষের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি জানায়। শুভাষের সহপাঠীরা জানায়, পরশুরাম বাজারের হাসপাতাল সড়কে সাইকেল মেরামতের একটি দোকান রয়েছে তার। সাইকেল মেরামত করে যে টাকা আয় হয় তা দিয়েই সংসার ও পড়ালেখার খরচ চালায়।