সুমন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড
রাজধানীর মোহাম্মদপুরের কম্পিউটার ব্যবসায়ী সুমন কুমার দত্ত হত্যা মামলায় দুই সহোদরসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ বি এম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া আসামি আসাদুজ্জামান খান ওরফে সজীবকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন শামীম ফকির নামে অপর এক আসামি।
মৃতুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন করিম সরদার, তাঁর সহোদর রাশেদ সরদার, দ্বীন ইসলাম ও নাসির হোসেন গাজী। তাঁদের মধ্যে রাশেদ সরদার পলাতক। এই মামলায় জামিনে থাকা আসামি শামীম ফকির ও আসাদুজ্জামান খান রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি চার আসামি কারাগারে আটক আছেন। গতকাল সাজাপ্রাপ্ত পাঁচ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় চারজনকে মৃত্যুদণ্ড এবং চোরাই মাল রাখার অভিযোগে একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো।
২০১১ সালের ৫ অক্টোবর মোহাম্মদপুর থানার ২৭ নম্বর রোডের ৪০৫ নম্বর বিল্ডিংয়ের (শর্মা প্যালেস) পঞ্চম তলায় নিজ অফিসে খুন হন সুমন কুমার দত্ত। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা সুশীল কুমার দত্ত বাদী হয়ে ঢাকার মোহাম্মদপুর থানায় ৯ অক্টোবর এ মামলা করেন। ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানা-পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে করিম সরদার, দ্বীন ইসলাম ও নাসির হোসেন গাজী হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলায় বলা হয়, আসামিরা ব্যবসায়ী সুমনের দোকানের জিনিসপত্র চুরি করতে গিয়েছিলেন। কিন্তু টের পেয়ে বাধা দেওয়ায় আসামিরা তাঁকে হত্যা করে মালামাল চুরি করে পালিয়ে যান।
নিহত সুমন কুমার দত্ত ঢাকার মোহাম্মদপুর থানার ২৭ নম্বর রোডের ৪০৫ নম্বর বিল্ডিংয়ের পঞ্চম তলায় কম্পিউটার সফটওয়্যারের ব্যবসায়ী ছিলেন।