সুমনসহ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র জমা

মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইমতিয়াজুল ইসলামের আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়। আদালতে পুলিশের পরিদর্শক ফাউঝুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনসহ এজাহারভুক্ত ১৬ আসামির মধ্যে ১৪ জন এবং এজাহারের বাইরে আরও তিনজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি রানার নাম-পরিচয় সঠিকভাবে শনাক্ত করতে না পারায় অভিযোগ থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়ার পর মামলার ৩ নম্বর আসামি ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান আজিবর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এজাহারে যাঁদের নাম ছিল এবং অভিযোগপত্রে আছে তাঁরা হলেন: সেন সুমন, মো. আলী, মুজিবর শেখ, সুমন কারিগর, ফরিদ, সাগর, বাপ্পি, ইলিয়াস, সোহেল রানা, লিটন, মিল্টন, নজরুল, সোবহান ও সোলাইমান।
এজাহারের বাইরে যে তিনজনকে আসামি করা হয়েছে তাঁরা হলেন জেলা সমবায় লীগের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তোতা (৩৮) এবং আয়নাল শেখ (৩৬) ও মো. মুন্না (২৩)। তিনজনেরই বাড়ি জেলা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায়।
সূত্র জানায়, আলোচিত এ মামলায় জঠরে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার মা নাজমা খাতুন, বাবা বাচ্চু ভূঁইয়াসহ মোট ৫০ জনকে সাক্ষী করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি প্রমাণের জন্য মায়ের সঙ্গে শিশু সুরাইয়াকেও আদালতে হাজির করার আবেদন করা হয়েছে।
অভিযোগপত্রে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ওই গোলাগুলির ঘটনার নেপথ্য মদদদাতাদের চিহ্নিত করা বা তাঁদের সম্পর্কে কিছু বলা হয়নি। তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, মূলত মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দুই পক্ষের মধ্যে ওই গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে।
মাগুরার পুলিশ সুপার (এসপি) মো. এহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি যেমন স্পর্শকাতর, তেমনি আলোচিত। রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় নয়, আমাদের কাছে অপরাধীর অপরাধই মুখ্য। তদন্তে রাজনৈতিক পরিচয় আনা হয় না। তদন্ত কর্মকর্তা স্বাধীনভাবে তদন্তকাজ শেষ করে চার্জশিট দিয়েছেন।’
তদন্ত কর্মকর্তা মাগুরা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, ‘বিশেষ সতর্কতার সঙ্গে এ ঘটনার তদন্ত করা হয়েছে। একজন ছাড়া এজাহারভুক্ত ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ ছাড়া তদন্তে নতুন করে আরও তিনজনের নাম আসায় তাঁদেরও আসামি করা হয়েছে।’ তিনি আরও বলেন, মায়ের পেটে থাকা অবস্থায় শিশু সুরাইয়া গুলিবিদ্ধ হয়। এ বিষয়টি প্রমাণের জন্য অভিযোগপত্রে তাকে (সুরাইয়া) মায়ের সঙ্গে আদালতে হাজির করার আবেদন করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী রুবেল ভূঁইয়া। তিনি বলেন, ‘এই অভিযোগপত্রে আমি খুশি। তবে সেদিনই বেশি খুশি হব, যেদিন আসামিদের সাজা হবে।’ গুলিবিদ্ধ শিশুটির মা নাজমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমরা রায় দেখার অপেক্ষায় আছি। আসামিদের কেউ যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার না পেয়ে যায়।’
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় গৃহবধূ নাজমা খাতুন (৩৫) গুলিবিদ্ধ হন এবং তাঁর চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। সে সময় নাজমা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গুলি তাঁর গর্ভের শিশুকেও এফোঁড়-ওফোঁড় করে দেয়। পরে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচার করে নাজমা গুলিবিদ্ধ কন্যাশিশুর জন্ম দেন। উন্নত চিকিৎসার জন্য তাঁর কন্যাশিশুকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা শেষে মা ও শিশু মাগুরায় ফিরে যান।
ঘটনার তিন দিন পর গত ২৬ জুলাই নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন।