সুমাইয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ সুমাইয়া খানমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।
সুমাইয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। জানতে চাইলে গতকাল সোমবার রাতে বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, সুমাইয়ার অবস্থা স্থিতিশীল নয়, এখনো আশঙ্কাজনক।
সুমাইয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর ভাই আবুল হাসানাত খান। তিনি বলেন, ‘গতকাল সকালে সুমাইয়ার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। তবে পরে কথা বলেছে, খেয়েছে।’
গত শুক্রবার সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তমতলার একটি ফ্ল্যাটে গ্যাসের আগুনে দগ্ধ হন শাহনাওয়াজের পরিবারের সবাই। ফ্ল্যাটটিতে কয়েক দিন আগে স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে ওঠেন ঢাকার মার্কিন দূতাবাসের এই প্রকৌশলী। আগুনে দগ্ধ হয়ে তাঁর ছোট ছেলে জায়ান বিন নাওয়াজ এবং বড় ছেলে শালীন বিন নাওয়াজ শুক্রবারই মারা যায়। এক দিন পর শনিবার বিকেলে মারা যান শাহনাওয়াজ। মেজো ছেলে জারিফ বিন নাওয়াজ (শরীরে ৬ শতাংশ দগ্ধ) এখন চিকিৎসা নিচ্ছে একটি বেসরকারি হাসপাতালে।
শাহনাওয়াজের লাশ গতকাল ঝালকাঠিতে দাফন করা হয়েছে।
শাহনাওয়াজের ভাই কামরুল আহসান প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে শাহনাওয়াজের লাশ তাঁর বাড়ি ঝালকাঠি জেলার কাঠপট্টি এলাকায় পৌঁছায়। ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়।