সুমাইয়া ফিরেছে মায়ের বুকে
>

টানা ২৪ দিনের অসহনীয় উদ্বেগ, উৎকণ্ঠার পর গতকাল মা–বাবা ফিরে পেয়েছেন তাঁদের অপহৃত একমাত্র সন্তান সুমাইয়াকে
মেঘভাঙা রোদের মতো খুশিতে ঝলমল করেছে মুনিয়া বেগমের মুখ। থেমেছে তাঁর গত ২৪ দিনের কান্না। তবে কাঁদছে তাঁর মেয়ে সুমাইয়া।
মুনিয়া প্রথম আলোকে বললেন, ‘ভোর পাঁচটার দিকে ফোন আসছে। মাইয়ার বাবা আমারে বলল, স্যারেরা যাইতে বলছে। সুমাইয়ারে পাইছে। কুনোদিকে আর তাকাই নাই। বাড়িওয়ালারে নিয়া এক রিকশায় তিনজন উইঠ্যা রওনা দিছি। ওসি স্যারের রুমের দরজায় আসতেই “আব্বু-আম্মু” বইলা এই যে মেয়ে কান্না শুরু করছে, আর থামে না।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে কামরাঙ্গীরচর থানায় যখন এই কথাগুলো বলছিলেন মুনিয়া বেগম, তখন মায়ের কোলে হাত-পা এলিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল পাঁচ বছরের সুমাইয়া। চেহারায় পরম প্রশান্তি। বাবা জাকির হোসেন একমাত্র মেয়ের মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন, ‘কী সুইট লাগে!’
জাকির হোসেন-মুনিয়া বেগমের জীবনে এমন সুখের দিন আর আসেনি। টানা ২৪ দিনের অসহনীয় উদ্বেগ, উৎকণ্ঠার পর গতকাল তাঁরা ফিরে পেয়েছেন তাঁদের অপহৃত একমাত্র সন্তান সুমাইয়াকে।
মুনিয়া বলেন, বাড়িতে গিয়ে মায়ের কাছে ভাত খাওয়ার বায়না করেছে সুমাইয়া। সে বলেছে, তাকে নিয়ে যাওয়ার পর এক দিনও গোসল করতে দেওয়া হয়নি। মেয়ের বন্দিদশার গল্প করতে করতেই তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ দেখাচ্ছিলেন মুনিয়া। বশে আনার জন্য অপহরণকারী লাঠি দিয়ে তাকে পিটিয়েছে। তিনি বলছিলেন, অপহরণকারী সাবিনা ইসলাম ওরফে বৃষ্টিকে মা ডাকার জন্য জোর করত। না করলেই মারত।

রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রামে তাদের ভাড়া বাসার সামনে থেকে ২ এপ্রিল অপহৃত হয় সুমাইয়া। থানায় মামলা হয়েছিল। পরে পাশের বাড়ির ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা দৃশ্যে দেখা যায়, বোরকা পরা এক নারী সুমাইয়াকে নিয়ে যাচ্ছেন। সাবিনা ইসলাম বৃষ্টি নামের ওই নারী আগে সুমাইয়াদের পাশের বাসায় ভাড়া থাকতেন। সন্দেহভাজন অপহরণকারী হিসেবে তাঁর নাম ও মুঠোফোন নম্বর র্যাব-পুলিশকে দিয়েছিলেন সুমাইয়ার বাবা। তারপরও সুমাইয়াকে পাওয়া যাচ্ছিল না। অস্থির-উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন বাবা-মা। সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সারা দেশে অগণিত মানুষের মধ্যে প্রবল ভাবাবেগের সৃষ্টি হয়। সুমাইয়া কি পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে? তাকে কি বিক্রি করে দেওয়া হয়েছে? সে কি সুস্থ আছে?—এমন অনেক প্রশ্ন উঠতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফুটফুটে শিশুটিকে সুস্থভাবে ফিরে পাওয়ায় তার বাবা-মায়ের মতো ওই উদ্বিগ্ন মানুষেরাও মনে শান্তি বোধ করেছেন।
গতকাল বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সুমাইয়া ও তার বাবা-মা এবং অপহরণে জড়িত সন্দেহে গ্রেপ্তার সাবিনা ইসলাম ওরফে বৃষ্টি ও সাবিনার বাবা সিরাজুল ইসলামকে নিয়ে আসা হয়। উদ্ধারের পর থেকে প্রথমে পুলিশ সদস্যদের, তারপর বাবা-মা ও আত্মীয়স্বজনের কোলে কোলেই ছিল সুমাইয়া। আদর করে তাকে চকলেট, চিপস, আইসক্রিম—এসব খেতে দিচ্ছিলেন অনেকে। ডিএমপির মিডিয়া সেন্টারে হাসিমুখে সাংবাদিকদের সঙ্গে ফটোসেশন করেছে সে, টুকটাক গল্পও। আর এর ফাঁকে ফাঁকেই বলেছে, ‘আম্মু, আমাকে একটা চুমু দাও।’
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের নির্দেশে পুলিশের সংশ্লিষ্ট থানা , গোয়েন্দা বিভাগ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং র্যাব সুমাইয়ার খোঁজে মাঠে নামে। তবে তাকে উদ্ধারের কৃতিত্ব কামরাঙ্গীরচর থানা-পুলিশেরই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি গ্রেপ্তার হয়েছে। বুধবার সকাল থেকে তাঁরা সুমাইয়াকে উদ্ধারের চূড়ান্ত অভিযান শুরু করেন। প্রথমেই দক্ষিণ দনিয়া থেকে বিল্লাল, আনিস ও নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভোর চারটার দিকে কদমতলী থানার জনৈক কামালের বাড়ি থেকে উদ্ধার করা হয় সুমাইয়াকে।
অভিযানে অংশ নেওয়া এক পুলিশ সদস্য বলেন, তাঁরা ওই এলাকার সব কটি বাড়ি ঘিরে ফেলেছিলেন। কোনো দিক থেকেই যেন আসামি পালিয়ে যেতে না পারে। পরে কামালের বাড়িতে ঢুকে সুমাইয়াকে দেখতে পান। সুমাইয়া তখন ঘুমে। পাশেই ছিলেন সাবিনা। লালবাগ অঞ্চলের উপকমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ ঘুমন্ত সুমাইয়াকে কোলে তুলে নেন। অন্যরা সাবিনা ও তাঁর বাবা সিরাজুল ইসলামকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসেন।
কেন সুমাইয়াকে অপহরণ করা হয়েছিল, সে সম্পর্কে গতকাল পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কারণ, সুমাইয়ার বাবা-মায়ের কাছে মুক্তিপণ দাবি করা হয়নি। লালবাগ অঞ্চলের উপকমিশনার মো. ইব্রাহীম খান বলেছেন, সাবিনার ভারতে যাওয়া-আসার তথ্য পাওয়া যাচ্ছে। মানব পাচারকারী দলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।