সুমাইয়া হত্যার বিচারের দাবি রাজবাড়ীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি মহিলা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া হোসেন মৌরীকে (২২) হত্যার প্রতিবাদে ও ঘাতক স্বামীর বিচারের দাবিতে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের সামনে মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।সুমাইয়া রাজবাড়ী সদরের লক্ষ্মীকোল গ্রামের মো. মোশাররফ হোসেনের ছোট মেয়ে। ২৭ জুলাই রাতে যৌতুকের দাবিতে ঢাকায় স্বামীর ধানমন্ডির বাসায় তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।রাজবাড়ী মহিলা পরিষদ, সরকারি আদর্শ মহিলা কলেজ ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় আয়োজিত মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, সামাজিক সংগঠন, সুমাইয়ার আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুমাইয়ার বাবা মো. মোশাররফ হোসেন, বড় বোন শারমিন আক্তার, এম এ খালেক, ফকির আবদুল জব্বার, মহিলা পরিষদের নেত্রী মীর মাহফুজা খানম, গোলাম মোস্তফা চৌধুরী, কলেজছাত্রী সিরাজুন মনিরা প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।মো. মোশাররফ হোসেন বলেন, বিয়ের সময় স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই খায়রুল হাসান আরও পাঁচ লাখ টাকার দাবিতে প্রায়ই সুমাইয়ার ওপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন। যৌতুকের দাবিতে নির্যাতনের ধারাবাহিকতায় গত ২৭ জুলাই সুমাইয়াকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমে ঝুলিয়ে রাখা হয়। হত্যাকাণ্ডের পর সুমাইয়ার বাবা বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিভিন্ন টালবাহানা করেন এবং আজ পর্যন্ত মামলা নথিভুক্ত করেননি।