সুমাইয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ভোলার লালমোহন উপজেলার কলেজছাত্রী সুমাইয়া আক্তার হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্তরের মানুষ। গতকাল রোববার নিহতের পরিবারের আয়োজনে শহরের কয়েকটি সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল আজীজ, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ মো. জহিরুল্যাহ প্রমূখ।
নিহতের বাবা জাহিদ হাসানের ভাষ্যমতে, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ থেকে সুমাইয়া আক্তার চলতি বছরে এইচএসসি পাস করেন। গত ১৯ আগস্ট চরফ্যাশনের শিবা-চৌমুহনী গ্রামের আজিমউদ্দিন হিমুর সঙ্গে তাঁর বিয়ে হয়।
বিয়ের পর সুমাইয়াকে নিয়ে স্বামী ঢাকার মোহামঞ্চদপুরে বোনের ভাড়া বাসায় ওঠেন। সেখান থেকে স্বামীর সঙ্গে সুমাইয়া চট্টগ্রাম-কক্সবাজারে হানিমুনে গিয়ে জানতে পারেন তাঁর স্বামী নারী, মাদকসহ নানা অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত। স্ত্রীকেও তাঁর অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হতে বললে সুমাইয়া অস্বীকার করে। তাঁরা কক্সবাজার থেকে ৩-৪ অক্টোবর ঢাকায় আসেন। এরপর কাটাসুরের বাসা থেকে পুলিশ ৮ অক্টোবর সন্ধ্যা ছয়টায় সুমাইয়ার লাশ উদ্ধার করে।