সুমাইয়াদের 'বকুল' অঞ্চল বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটে সাফল্য অর্জনকারী় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাস্টার শরাফত আলী উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে শিক্ষকেরা l প্রথম আলো
ক্রিকেটে সাফল্য অর্জনকারী় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাস্টার শরাফত আলী উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে শিক্ষকেরা l প্রথম আলো

ক্রিকেট খেলায় সাফল্য অর্জন করায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাস্টার শরাফত আলী উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল সোমবার তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, ৪৬তম জাতীয় শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এ ‘ক্রিকেট (ছাত্রী)’ বিভাগে শরাফত আলী উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগীয় উপ-অঞ্চল ও ‘বকুল’ অঞ্চল পর্যায়ে বিজয়ী হয়। সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম মিলে বকুল অঞ্চল। ১৯ জানুয়ারি ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দলটি তৃতীয় স্থান অর্জন করে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, বিদ্যালয় চত্বরে বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল, আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহেদ আলী।

উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল বলেন, প্রত্যন্ত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা ক্রিকেট খেলে এত দূর এগিয়েছে—এটা বড় সাফল্য। শহরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও এটা করতে পারে না।

পরে অতিথিরা ক্রিকেট দলের সদস্য সুমাইয়া আক্তার, হেলেনা আক্তার, আমেনা আক্তার, তাহমিনা আক্তার, ইমা বেগম, আঁখি তামান্না, সানিয়া আক্তার, ছালেহা আক্তার, ফারিয়া আক্তার, তাসলিমা মাহদিয়াত ও জ্যোতি রানী মল্লিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

খেলোয়াড়েরা বলে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে তারা ক্রিকেট খেলে। শিক্ষকেরা তাদের প্রশিক্ষণ দেন। আগামী বছরের প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তারা চ্যাম্পিয়ন হতে চায়।

ক্রিকেট দলের ব্যবস্থাপক ও বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সাদিকুর রহমান বলেন, ২০১৫ সালে ৪৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে তাঁদের প্রতিষ্ঠানের ছাত্রীরা জেলা পর্যায়ে রানারআপ এবং ২০১৬ সালের ৪৫তম প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে রানারআপ হয়। অর্থাভাবে ছাত্রীদের জন্য ভালো প্রশিক্ষকের ব্যবস্থা করা সম্ভব হয়নি। সেটা সম্ভব হলে ছাত্রীরা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারবে।