সুমাইয়ার দিকে সহায়তার হাত

শেরপুরের শারীরিক প্রতিবন্ধী সুমাইয়া আক্তার নামের সেই মেয়েটির আর কলেজে যাতায়াতের খরচ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ভাবতে হবে না লেখাপড়া শেষ করা পর্যন্ত যাবতীয় খরচ নিয়ে। অনেকেই সহায়তা করার জন্য এগিয়ে আসায় তার সব অনিশ্চয়তা কেটে গেছে।
শেরপুর সদরের কুমরি কাটাজান গ্রামে সুমাইয়াদের বাড়ি। বাবা নেই। ছোটবেলায় টাইফয়েড হয়ে দুটি পা অচল হয়ে যায়। তার মা রাবিয়া বেগম অন্যের বাড়িতে কাজ করে মেয়ের লেখাপড়া চালিয়ে গেছেন। মেয়েও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিকে পড়ালেখা করছে। সম্প্রতি তার মা অসুস্থ হয়ে পড়ায় তার পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে ২২ অক্টোবর প্রথম আলোতে ‘পায়ে নয়, মনের জোর ষোলো আনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশ থেকে অনেকেই সুমাইয়ার চিকিৎসাসহ পড়াশোনার খরচ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
যুক্তরাজ্যপ্রবাসী সাহাব মিয়া সুমাইয়াকে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজধানীর ধানমন্ডির সৈয়দ রেজা কলেজে যাতায়াতের জন্য প্রতি মাসে দেড় হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অস্ট্রেলিয়াপ্রবাসী এক নারী তার চিকিৎসার সব খরচ দিতে চেয়েছেন। এ ছাড়া কানাডাপ্রবাসী জয়নাল আবেদীন, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি, ঢাকা থেকে আবদুর রাজ্জাক ও শেরপুরের এক ব্যক্তি মেয়েটিকে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সুমাইয়াকে সহায়তা করতে চাইলে এই বিকাশ নম্বর বা ব্যাংক হিসাবে টাকা পাঠানো যাবে। বিকাশ ও মুঠোফোনের নম্বর ০১৭৪৬৯৫৪৯৩৯। ব্যাংক হিসাব: লালবানু ওরফে সুমাইয়া, সঞ্চয়ী হিসাব নম্বর ৫৭৫৯, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাজিতখিলা শাখা, শেরপুর।
সুমাইয়া আক্তার বলেন, ‘এত মানুষ সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন ভাবতে পারি নাই।’