সুমির মামলা চলছে শিশু আদালতে
পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানকে হত্যা মামলার রায় হয়েছে আজ বৃহস্পতিবার। বাবা-মাকে হত্যার দায়ে মেয়ে ঐশী রহমানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ের পর ঐশীদের বাসার গৃহকর্মী শিশু সুমির নাম আবার আলোচনায় এসেছে। কেননা আদালতে ঐশীর জবানবন্দি অনুযায়ী, বাবা-মায়ের লাশ সে ও সুমি মিলে বাথরুমে নিয়ে লুকিয়ে রাখে। রক্ত পরিষ্কার করে সকালে তারা দুজন বেরিয়ে যায়।
ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বয়স পরীক্ষা করে জানান, ঐশীর বয়স ১৯, আর সুমির বয়স ১১-এর মতো। সুমি শিশু হওয়ায় শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালত সুমিকে জামিন দেন। আদালতের বিচারক জাকিয়া পারভিন বাবা অথবা মায়ের জিম্মায় ২০ হাজার টাকা মুচলেকায় সুমির জামিন মঞ্জুর করেন।
শিশু আদালতে সুমির মামলাটি পরিচালনা করছে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এবং রাজধানী মানবাধিকার উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন।
বিএনডব্লিউএলএ’র আইনজীবী ফাহমিদা আক্তার প্রথম আলোকে জানালেন, সুমির মামলা চলছে শিশু আদালতে। মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে মেয়ে ঐশী ও গৃহকর্মী সুমি নিখোঁজ ছিল। হত্যার পরদিন ১৭ আগস্ট মাহফুজুর রহমানের ভাই মশিহুর রহমান পল্টন থানায় মামলা করেন। ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ঐশীর দেওয়া তথ্য অনুযায়ী সুমিকে আটক করা হয়। ১৮ আগস্ট ঐশী, সুমিকে রিমান্ডে নেওয়া হয়। ২৪ আগস্ট ঢাকা মহানগর মুখ্য আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাতের খাসকামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঐশী।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জ্যেষ্ঠ উপপরিচালক (আইন) নীনা গোস্বামী প্রথম আলোকে বলেন, কিশোরী উন্নয়ন কেন্দ্রে থাকা অবস্থায় সুমির অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার ব্যবস্থা করে আসক। তারপর সুমি স্থায়ী জামিন পায়। সুমির মামলায় ১৭ জনের সাক্ষী শেষ হয়েছে। সাক্ষী দিতে আদালতে আসা যাওয়াসহ বিভিন্ন কারণে সুতির বাবা মা তাকে তাঁদের কাছে রাখতে ভরসা পাননি। তাই জামিন পাওয়ার পর থেকে সুমি আসকের আশ্রয়কেন্দ্রে আছে।