গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের পর গ্যাসচালিত পরিবহনের ভাড়া বাড়াতে মালিক-শ্রমিকদের চাপ শুরু হয়েছে। তবে কোনটি ডিজেল আর কোনটি গ্যাসচালিত—সাধারণভাবে তা আলাদা করা কঠিন। ফলে গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে ডিজেলচালিত বাসের মালিকেরাও ভাড়া বাড়িয়ে দিতে পারেন—এমন আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে ২০১১ সালের মে মাসে শুধু ডিজেলের দাম লিটারপ্রতি দুই টাকা বাড়ানো হয়। সে সময় সিএনজিচালিত পরিবহনেরও ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। এরপর ২০১১ সালের সেপ্টেম্বরে জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসের দামও বাড়ানো হয়। আর এবার শুধু গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
দুই ধরনের যানবাহন নিয়ে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হতে পারে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে। কারণ, এই দুই মহানগরে প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলে। এর চালকেরা সরকার-নির্ধারিত ভাড়া এখনই মানছেন না। অন্যদিকে ২০০৮ সালে সরকার সিদ্ধান্ত নিয়েছিল, এই দুই মহানগরে শুধু সিএনজিচালিত বাস-মিনিবাস চলবে। দুই মহানগরে ভাড়াও নির্ধারণ করা হয় একটাই, তা সিএনজিচালিত। কিন্তু এখনো ঢাকা ও চট্টগ্রামে প্রচুর ডিজেলচালিত বাস-মিনিবাস চলছে। গ্যাসের দাম বাড়ানোর সুযোগ নিয়ে ডিজেলচালিত পরিবহনমালিকেরাও এর সুযোগ নিতে পারেন। ঢাকা ও চট্টগ্রামে প্রায় সাড়ে সাত হাজার বাস-মিনিবাস চলাচলের অনুমোদন আছে।
সরকার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটারে পাঁচ টাকা বাড়িয়েছে, যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। একাধিক পরিবহনমালিক-চালক জানিয়েছেন, সরকার ঘোষণা না দিলেও জ্বালানির বাড়তি ব্যয় মেটাতে তাঁরা ভাড়া বাড়াবেন।
জানতে চাইলে সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, গ্যাসের সঙ্গে সমন্বয় করে ভাড়া বৃদ্ধি করা হবে কি না, হলে কীভাবে তা বাস্তবায়ন করা হবে—এ বিষয়ে তাঁরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। সরকারিভাবে মূল্যবৃদ্ধির কাগজপত্র হাতে পেলেই পরবর্তী করণীয় ঠিক করা হবে।
সারা দেশে চলাচলরত যাত্রীবাহী গণপরিবহন ও মালবাহী যানবাহন ডিজেল এবং সিএনজি—এই দুই জ্বালানিতেই চলে। গণপরিবহনের মধ্যে রয়েছে বাস-মিনিবাস, অটোরিকশা-অটোটেম্পো, ট্যাক্সিক্যাব। আর মালবাহী যানের মধ্যে রয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান। দেশে সিএনজিচালিত যানবাহন আমদানি ও রূপান্তর শুরু হয় ২০০১ সাল থেকে। নতুন নিবন্ধন নেওয়া সিএনজিচালিত যানবাহনের তথ্য সংরক্ষণ করা হয়। কিন্তু নিবন্ধন নেওয়ার পর যেসব যান রূপান্তর করা হয়েছে, এর সঠিক হিসাব বিআরটিএতে নেই। ফলে সিএনজিচালিত যানবাহনের প্রকৃত সংখ্যা কারও কাছেই নেই।
বর্তমানে সারা দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২২ লাখ ৬৯ হাজার। এর মধ্যে অটোরিকশা-অটোটেম্পোর সংখ্যা প্রায় ২ লাখ ৩৪ হাজার। এর অর্ধেকের বেশি চলে সিএনজিতে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহানগরেই প্রায় ৩০ হাজার অটোরিকশা চলে। সিএনজিচালিত বাসের বেশির ভাগই চলে রাজধানী ঢাকা এবং বন্দরনগর চট্টগ্রামে। দূরপাল্লার বাসের ৯৫ শতাংশই ডিজেলে চলে।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, দু-এক দিনের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বাসভাড়া বৃদ্ধির বিষয়টি তাঁরা তুলবেন। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২০১১ সালে বাসভাড়া বাড়ানো হয়েছিল। এরপর দুই দফা আন্তজেলা বাসভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু মহানগরে ভাড়া বাড়েনি। গ্যাসের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয় করতেই হবে।
এদিকে ঢাকা ও চট্টগ্রামে ভাড়া নিয়ে সিএনজিচালিত অটোরিকশার স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ যাত্রীরা। ইতিমধ্যে মালিক-শ্রমিকদের চাপে বিআরটিএ অটোরিকশার ভাড়া বাড়ানোর প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন গ্যাসের দাম বাড়ানোয় ভাড়া হয়তো আরও বাড়বে।
নতুন এই দামের বিষয়ে গতকাল বেইলি রোড, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগ এলাকার ১০ জন সিএনজিচালিত অটোরিকশাচালকের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, গ্যাসের দাম বাড়ার কথা তাঁরাও শুনেছেন। তবে এখনো যেহেতু তাঁদের বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে না, সে জন্য তাঁরা ভাড়া বাড়াননি। ওমর ফারুক নামের একজন চালক বলেন, ‘আমরা তো লস করে গাড়ি চালাতে পারব না। গ্যাসের দাম বাড়লে আমাদের খরচ বাড়বে। কাজেই বাড়তি ভাড়া নিতে হবে।’
বাসাবো এলাকার সিএনজিচালক বাহাদুর বলেন, প্রতিদিন তাঁকে ৯০০ টাকা জমা দিতে হয়। প্রতিদিন ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকার গ্যাস কিনতে হয়। ১ সেপ্টেম্বর থেকে একই পরিমাণ গ্যাস কিনতে ৫০ থেকে ৬০ টাকা অতিরিক্ত গুনতে হবে। তিনি বলেন, ‘বাসা ভাড়া, গ্যাস-বিদ্যুৎ বিল বেশি দেওন লাগবে। দুই দিকেই সমস্যায় পড়মু। আবার বেশি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে ক্যাঁচ ক্যাঁচ লাগব। সবদিকেই সমস্যা।’
জানতে চাইলে ঢাকা সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি যেদিন কার্যকর হবে, সেদিনই অটোরিকশার ভাড়া সমন্বয় করতে হবে, নতুবা নৈরাজ্য সৃষ্টি হবে।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোকে পেটে লাথি মারার সঙ্গে তুলনা করলেন গুলিস্তান-মিরপুর রুটে চলাচলকারী ইটিসি পরিবহন নামের একটি গাড়ির চালক ইব্রাহিম। তিনি বলেন, ‘প্রতিদিন মালিকেরে ৩০০০ হাজার টাকা দিয়ে গাড়িটা আনি। ২০০০ টাকার গ্যাস লাগে। পথে অন্তত এক হাজার টাকা চাঁদা দেওয়া লাগে। এরপর যা থাকে, সেটাই ড্রাইভার-হেলপার মিলে ভাগ করে নেই। গ্যাসের দাম বাড়াইলে দেখা যাবে, মালিক জমা বাড়াইবে। গ্যাসের জন্য খরচ বাড়বে। মাঝখান থেকে আমরা যা পাইতাম, সেখান থেকে আরও কম পামু। এটা তো আমাদের পেটে লাথি।’