সুযোগ পেয়েও মুখ ভার রুমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির সামনে বাবা-মায়ের সঙ্গে ঠাকুরগাঁওয়ের রুমি আক্তার l ছবি: প্রথম আলো
বাড়ির সামনে বাবা-মায়ের সঙ্গে ঠাকুরগাঁওয়ের রুমি আক্তার l ছবি: প্রথম আলো

বাবা দিনমজুর। মা চাতালশ্রমিক। মেয়েটি নিজেও মা-বাবার সঙ্গে কাজ করেন। অন্যের দেওয়া সামান্য জমিতে ঘর তুলে তাঁদের বসবাস। ঘরটিও জরাজীর্ণ। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত এমন এক পরিবারের সন্তান মোসাম্মত রুমি আক্তার। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন রুমি। এবার ভর্তি পরীক্ষা দিয়ে রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন।
রুমির বাবার নাম মো. আবদুর রহিম। বাড়ি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জামালপুর গ্রামে। তাঁর চার মেয়ের মধ্যে রুমি বড়। রুমির সাফল্যে গ্রামবাসী ও পরিবারের সবাই খুশি। তবে রুমির মুখটা একটু ভার।
রুমি বললেন, ‘মা-বাবা ওপরে ওপরে খুশি। কিন্তু আমার পড়াশোনার খরচের কথা ভেবে তাঁরা ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন। আমি তাঁদের আশ্বাস দিয়েছি, নিজের পড়ার খরচ নিজেই জুগিয়ে নেব।’
আবদুর রহিম জানালেন, সম্পত্তি বলতে তাঁর কিছুই নেই। দিনমজুরির সামান্য আয় দিয়ে ছয়জনের সংসার কোনো রকমে চলে। বাড়িতে বিদ্যুৎ নেই। কুপি জ্বালিয়ে পড়ালেখা করতে হয়েছে রুমিকে। টাকার অভাবে অনেক সময় কুপির কেরোসিনও কেনা সম্ভব হয়নি। মা-বাবার কাজে রুমিও সহায়তা করেছেন। এসব কথা বলতে বলতে আবদুর রহিমের দুই চোখ ছলছল করে ওঠে।