মেয়র পদপ্রার্থীদের প্রচারণার জন্য চট্টগ্রামে ১৪টি মাইক ব্যবহারের সুযোগ রয়েছে। নির্বাচনী প্রচারণার কাজে চাইলে সাতটি কার্যালয়ও (ক্যাম্প) স্থাপন করতে পারেন মেয়র প্রার্থীরা। কিন্তু ১২ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন পুরো সুযোগ ব্যবহার করেছেন।
আর স্বতন্ত্র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ ১৪টি মাইক ও সাতটি ক্যাম্প স্থাপনের জন্য আবেদন করেছেন। কিন্তু তাঁর পক্ষে সেভাবে প্রচারণা নেই।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ১৪টি মাইক দিয়ে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু সাতটির পরিবর্তে তিনি নির্বাচনী কার্যালয় করেছেন পাঁচটি।
মেয়র প্রার্থীদের প্রচারণার বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘মেয়র পদপ্রার্থীরা ১৪টি করে মাইক ব্যবহারের অনুমতি পেয়েছেন। একটি গাড়িতে একটির বেশি মাইক ব্যবহার নিষিদ্ধ। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মাইক ব্যবহার করতে পারছেন। তাঁরা সাতটি নির্বাচনী কার্যালয় থেকে প্রচারণা চালাতে পারবেন। এর পরও কিছু প্রার্থী আচরণবিধি ভঙ্গ করছেন। আমাদের ভ্রাম্যমাণ আদালত ও তদন্ত দল কঠিনভাবে প্রার্থীদের প্রচারণা পর্যবেক্ষণ করছেন।’
নাছির ও মনজুর ছাড়া মাইকিং ও পোস্টার ছেপে প্রচারণা ও নির্বাচনী কার্যালয় খুলেছেন আরও ছয়-সাতজন প্রার্থী। বাকিদের নির্বাচনী মাঠে সেভাবে দেখা যাচ্ছে না।
দু-তিনজন ছাড়া অন্য মেয়র প্রার্থীরা কেন প্রচারণায় খুব একটা সক্রিয় নন, এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সভাপতি অধ্যাপক সিকান্দার খান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের মানুষ দুই ধারায় বিভক্ত, যার প্রভাব পড়েছে সিটি নির্বাচনে। এ কারণে অন্য ১০ জন মেয়র পদপ্রার্থী সুবিধা করতে পারছেন না। তাই তাঁরা প্রচারণায় পিছিয়ে আছেন।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আগে ব্যক্তির ভাবমূর্তির ওপর নির্বাচনের ফলাফল নির্ভর করত। এ কারণে ওই সময় পাঁচ-ছয়জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। সেই যুগের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে হয়।’
প্রধান দুই প্রার্থী ছাড়া চট্টগ্রাম সিটি নির্বাচনের বাকি ১০ জন প্রার্থী হলেন বিএনএফ-সমর্থিত আরিফ মইনউদ্দীন, জাতীয় পার্টি-সমর্থিত সোলায়মান আলম শেঠ, ইসলামী ফ্রন্ট-সমর্থিত এম এ মতিন, ইসলামিক ফ্রন্ট-সমর্থিত এইচ এম মুজিবুল হক, জাসদ (রব) সমর্থিত মো. শফিউল আলম, ইসলামী আন্দোলন (চরমোনাই পীর) সমর্থিত মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাজ্জাদ জোহা, মো. আলাউদ্দিন চৌধুরী ও সাইফুদ্দিন আহমেদ ও আবুল কালাম আজাদ।
জাতীয় পার্টি-সমর্থিত সোলায়মান আলম শেঠ নগরের কোথাও নির্বাচনী কার্যালয় স্থাপনের অনুমতি নেননি। তবে তাঁর পক্ষে মাইকিং চলছে এবং পোস্টার সাঁটানো হয়েছে। তিনি এ বিষয়ে বলেন, ‘মাটির ঢিবি থেকে উইপোকা যেভাবে বেরিয়ে আসে, তেমনি এরশাদের সৈনিকেরাও বেরিয়ে আসছে। নগরবাসী চমক দেখার অপেক্ষায় আছে। নগরের প্রতিটি ঘর আমার নির্বাচনী কার্যালয়। পোস্টার-নির্বাচনী কার্যালয়ে আমি বিশ্বাসী নই।’
সাইফুদ্দিন আহমেদ সাতটি নির্বাচনী কার্যালয় এবং মাইকিং করার অনুমতি নিলেও তাঁকে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে না। এ বিষয়ে তিনি বলেন, ‘বড় দুটি দলের প্রত্যেক প্রার্থী গড়ে প্রতিদিন ৩০-৪০ লাখ টাকা করে খরচ করছেন। অথচ আমি তিন হাজার টাকা করেও খরচ করতে পারছি না। তবু নগরবাসীর কাছে সাড়া পাব বলে আশা করছি। নগরের জলাবদ্ধতা ও ইভ টিজিং বন্ধ করার উদ্দেশ্যে আমি প্রার্থী হয়েছি।’
বিএনএফ-সমর্থিত আরিফ মইনউদ্দীনের পক্ষে নগরে কিছু এলাকায় পোস্টার দেখা গেছে। মাইকিং করে সীমিতভাবে প্রচারণা চালাচ্ছেন মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, জাসদ-সমর্থিত মো. শফিউল আলম।
ইসলামী আন্দোলন-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া নিয়মিত গণসংযোগ করছেন। তাঁর প্রতিনিধি মোহাম্মদ মামুন বলেন, ‘আমরা ১৪টি মাইক দিয়ে নগরবাসীর কাছে ভোট চাইছি। আমাদের প্রার্থী এলাকাভিত্তিক গণসংযোগ করে যাচ্ছেন।’
ইসলামী ফ্রন্ট-সমর্থিত এম এ মতিন ও ইসলামিক ফ্রন্ট-সমর্থিত এইচ এম মুজিবুল হক নগরে সীমিতভাবে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে তাঁরা পোস্টার এবং মাইকে প্রচারণা চালাচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাজ্জাদ জোহা, মো. আলাউদ্দিন চৌধুরী ও আবুল কালাম আজাদ নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের আয়োজনে উপস্থিত থাকলেও প্রচারণায় তেমন সক্রিয় নন। প্রতীক বরাদ্দের দিন সৈয়দ সাজ্জাদ জোহা সাংবাদিকদের বলেছিলেন, তিনি আগামীবারও নির্বাচন করবেন।