সুযোগ কাজে লাগাতে নারীদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে: ইউনূস
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে নানা সুযোগ তৈরি হচ্ছে। এসব সুযোগ কাজে লাগাতে নারীদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে। তাদের এগিয়ে নিতে গ্রামীণ ব্যাংকও কাজ করছে এবং করে যাবে। নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস গতকাল শুক্রবার হোটেল শেরাটনে ঢাকা বিজনেস অ্যান্ড প্রফেশনাল ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন নারীকে সম্মাননা দেওয়া হয়। নারীদের উন্নতিতে তাঁর অতীত কর্মপ্রচেষ্টা এবং ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে ড. ইউনূস বলেন, প্রথমে নারীরা ভয়ে ঋণ-সহায়তা নিতে আসত না। এখন গ্রামীণ ব্যাংকের সদস্যদের ৯৭ ভাগই নারী। নারীদের দেওয়া ঋণ পরিবারের যতটা সুফল বয়ে এনেছে, পুরুষদের দিয়ে তা হয়নি। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে গ্রামীণ ব্যাংক কাজ করছে। সেখানকার সদস্যদের শতভাগই নারী। নতুন নতুন রাজ্যে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চালানোর জন্য তাঁকে আহ্বান জানানো হচ্ছে।নার্সিংয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, দেশে এখনো এক লাখ নার্সের অভাব। বিদেশেও এ পেশার চাহিদা ব্যাপক। এই সুযোগ কাজে লাগিয়ে নারীরা যাতে এগিয়ে যেতে পারে, সে জন্য তিনি নার্স কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া মায়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। অনুষ্ঠানের শুরুতে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেন্স ক্লাবের সভানেত্রী জিনাত আরা ভূইয়া বলেন, ‘নারী জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। তাদের আলোয় আনতে পারলে কী হয়, ড. ইউনূস তা দেখিয়েছেন। সারা বিশ্ব এখন নারীদের এই সংগ্রামকে শ্রদ্ধা জানাচ্ছে।’ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমেদ ক্লাবটি গড়ে তোলার ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিলুফার সুলতানা, জুলেখা হক প্রমুখ। কয়েকজন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন—মুক্তিযোদ্ধা ফোরকান বেগম, সাংবাদিকতায় দিল মনোয়ারা, ভাষা জাদুঘরের প্রতিষ্ঠাতা পিয়ারী মাহাবুব, ঢাকা বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভানেত্রী সেলিমা আহমেদ, সমাজকল্যাণে সুলতানা আকবর, শিক্ষায় জুলেখা হক, সমাজসেবায় বিলকিস রশীদ (মরণোত্তর)।