সুযোগ পেলে পুলিশ-মেয়র কারও বাসা বাদ যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারা কখনো মুরগি, কখনো প্রসাধনসামগ্রী ফেরি করে; কখনো পুরোনো খবরের কাগজ কেনার ছলে বহুতল ভবনে ঘোরে। যেসব ফ্ল্যাটে তালা দেখে, সুযোগ বুঝে তালা খুলে সেসব ফ্ল্যাটে ঢুকে পড়ে। ১০ মিনিটেই মালামাল ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। কোতোয়ালি থানার পুলিশ নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. মহিউদ্দিন (৩২) ও আমীর হোসেন (৩৫) নামের এই দুই চোরকে দেড় ভরি ওজনের স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সুযোগ পেলে আমাদের চুরির তালিকা থেকে পুলিশ কিংবা মন্ত্রী-মেয়রের বাসাও বাদ পড়ে না। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাসায়ও আমরা চুরি করেছিলাম।’পুলিশ জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র ফেরিওয়ালার বেশে অনেক দিন থেকেই চুরি করে আসছে। এই চক্রটি সর্বশেষ গত সপ্তাহে কক্সবাজারে ফেরিওয়ালা সেজে দুই বাসায় চুরি করে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরের কাপাসগোলা এলাকায় সৈয়দুল ইসলাম নামের এক ব্যক্তির বাসা থেকে তারা স্বর্ণালংকার, নগদ টাকাসহ ছয় লাখ ৬০ হাজার টাকার মালামাল চুরি করে। পুলিশ জানিয়েছে, এই চক্র ঢাকা থেকে কয়েক দিনের জন্য চট্টগ্রাম এসে চুরি করে আবার ঢাকা চলে যায় বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেছে। মহিউদ্দিন জানান, তাঁদের মোট চারটি দল রয়েছে। প্রতি দলে পাঁচজন করে সদস্য। তাঁরা গত শনিবার ঢাকা থেকে কক্সবাজার যান। সেখানে বেড়ানোর পাশাপাশি বুধবার পর্যন্ত দুটি বাড়িতে চুরি করেন। সেখান থেকে চট্টগ্রামের স্টেশন রোডের একটি হোটেলে ওঠেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের তিন সদস্য হোটেল থেকে পালিয়ে গেলেও মহিউদ্দিন ও আমীর ধরা পড়েন। এই চক্রটি এএসপি শুক্লা সরকারের বাসায়ও একই কায়দায় চুরি করেছিল বলে পুলিশ জানায়। অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ কুমার দাশ বলেন, ‘তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে বিভিন্ন সময় এই ধরনের চুরি করেছে। চট্টগ্রামে এখন পর্যন্ত এ-সংক্রান্ত আমরা ১২টি মামলা পেয়েছি। এর চেয়েও বেশি থাকতে পারে। তাদের চুরির তালিকা থেকে পুলিশ কিংবা বড় বড় মানুষের বাড়িও বাদ যায় না।’পুলিশ সূত্রে জানা গেছে, এ চক্রকে গ্রেপ্তারের জন্য তারা নগরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে স্টেশন রোডে ঢাকা যাওয়ার জন্য টিকিট করতে এলে আমীর ও মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের নিয়ে স্টেশন রোডের সিলেট বোর্ডিংয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। তাদের ব্যাগ থেকে দেড় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।