সুযোগ পেয়েও থেমে যাবে রমজানের স্বপ্ন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ফুটপাতে সবজি বিক্রি করেন। মা পোশাক কারখানার শ্রমিক। এই পরিবারের ছেলে মো. রমজান আলী। তিনি এবার চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমিতে ভর্তির সুযোগ পেয়েছেন। এ জন্য দরকার প্রায় ৮৭ হাজার টাকা। এত টাকা জোগাড় করতে না পারায় ধূসর হতে চলেছে রমজানের স্বপ্ন।
কাল সোমবার ২৭ মার্চ রমজান আলীর ভর্তির শেষ দিন। তাই ভর্তির টাকা জোগাড়ের জন্য তিনি চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। রমজান এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন।
রমজানের পৈতৃক বাড়ি শেরপুর শহরের তাতালপুর এলাকায়। তবে সেখানে তাঁদের জমিজমা নেই। তাই ছোটবেলা থেকে তিনি শ্রীবরদীর কুরুয়া নিমতলী গ্রামে নানাবাড়িতে থাকেন। এক মেয়েকে নিয়ে বাবা রফিকুল ইসলাম ও মা রওশন আরা গাজীপুরে থাকেন।
২০১১ সালে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা দিয়ে রমজানও গাজীপুরে শ্রমিকের কাজ নিয়েছিলেন। সে সময় তাঁর লেখাপড়া বন্ধের উপক্রম হয়। খবরটি জানতে পারেন ঝিনাইগাতী উপজেলার কালীবাড়ি এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায় ও দরিদ্র শিক্ষার্থী উন্নয়ন সংস্থার’ (ডপ্স) প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া। ডপ্সের সহযোগিতায় ২০১২ সালে রমজান শ্রীবরদীর ভটপুর এইচ ইউ উচ্চবিদ্যালয়ে ভর্তি হন। পাশাপাশি এ সময় তিনি দরজিবাড়িতে কাজ করেন। তিনি ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পান। পরে ডপ্সের সহযোগিতায় ময়মনসিংহ শহরে অ্যাডভান্স রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তি হন। সেখানে তাঁর বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ হয়। তিনি ডাচ্-বাংলা ব্যাংকের একটি বৃত্তি পান। ২০১৬ সালে জিপিএ-৫ পেয়ে তিনি এইচএসসি পাস করেন।
রমজান আলী ১৩ মার্চ চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমিতে ভর্তি পরীক্ষার মেধাতালিকায় পঞ্চম হন। তিনি নটিক্যাল বিভাগে ভর্তির সুযোগ পান। একাডেমিতে আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকা-খাওয়া, পোশাকসহ আনুষঙ্গিক ব্যয় বাবদ তিন বছরে তাঁর প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা লাগবে। এ টাকা ছয় কিস্তিতে পরিশোধ করতে হবে। এখন ভর্তির জন্য প্রথম কিস্তিতে তাঁর ৮৬ হাজার ৩৫৫ টাকা দরকার।
রমজানের দরিদ্র বাবা-মায়ের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। আগামীকালের মধ্যে এ টাকা একাডেমিতে জমা দিতে না পারলে তাঁর পড়ার সুযোগ বাতিল হয়ে যাবে। হয়তো তাঁকে মা–বাবার মতোই পোশাক কারখানায় শ্রমিকের কাজ নিতে হবে।
গত শুক্রবার কথা হয় রমজান আলীর সঙ্গে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার খুব ইচ্ছে পড়াশোনা করে বড় হয়ে দেশ ও জাতির সেবা করার। সেই সঙ্গে ভালো চাকরি করে সংসারের অভাব দূর আর আমার মতো দরিদ্র শিক্ষার্থীদের সেবা করব। কিন্তু শুধু অর্থাভাবে স্বপ্নের চূড়ান্ত পর্বে এসে আটকে যাচ্ছি।’
ডপ্সের প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া প্রথম আলোকে বলেন, রমজান মেধাবী শিক্ষার্থী। তাঁর স্বপ্ন এভাবে ব্যর্থ হোক, তা চাই না। এ জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।