সুযোগ পেয়েও সংশয়ে ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইদুর রহমান ও  আলিম হোসেন
সাইদুর রহমান ও আলিম হোসেন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অদম্য মেধাবী আলিম হোসেন (১৯) এবং ঝিনাইগাতী উপজেলার সাইদুর রহমান (১৮) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু দুটি পরিবারেরই আর্থিক সামর্থ্য না থাকায় ভর্তি নিয়ে সংশয়ে আছেন তাঁরা দুজনই। এই দুই শিক্ষার্থীর ভর্তির জন্য মোট ২৭ হাজার টাকা প্রয়োজন। ২৩ নভেম্বর ভর্তির শেষ সময়। এখনো ভর্তির টাকা জোগাড় করতে না পারায় হতাশা ঘিরে ধরেছে তাঁদের।

আলিমের বাবা আবদুস সালাম দিনমজুরি করে সংসার চালান। উপজেলার নন্নী উত্তরবন্ধ গ্রামে তাঁদের বাড়ি। মানবিক বিভাগ থেকে ২০১৪ সালে এসএসসি এবং ২০১৬ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন আলিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে ভর্তিরও সুযোগ পেয়েছেন। ভর্তির জন্য তাঁর ১৩ হাজার টাকা প্রয়োজন। ভর্তির শেষ সময় ২৩ নভেম্বর।

আলিমের মা হাসিনা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। লেখাপড়া করাইবার সামর্থ্য আমগর নাই। ওর বাপ সারা দিন কাম কইরা যা পায়, হেই টেহায় দুই বেলা খাইয়া-না খাইয়া দিন চলে। ছেলেডার লাইগা আমরা কিছুই করবার পাই না।’

আলিমের বাবা আবদুস সালাম বলেন, ‘ছেলেডার লেখাপড়ার বিরাট জোগ। কিন্তু লেহাপড়ার লাইগা ঠিকমতো খরচ দিবার পাই না। অহন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাইছে। কিন্তু আতে (হাতে) তো কোনো টেহা পইসা নাই।’

আলিম বলেন, ‘স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব। সুযোগও হয়েছে। সেনাবাহিনীর সদস্য শাহিন ভাইয়ের আর্থিক সহযোগিতায় এইচএসসি পাস করেছি। এখন ভর্তি হতে ১৩ হাজার টাকার প্রয়োজন। সময় আছে মাত্র দুই দিন। কিন্তু টাকার ব্যবস্থা এখনো হয় নাই। কেমনে ভর্তি হব বুঝতে পারছি না।’

নন্নী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘স্কুল পড়া অবস্থাতেই ছেলেটি মেধার স্বাক্ষর রেখেছে। কিন্তু গরিব। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হলে ও ভবিষ্যতে অনেক ভালো করবে।’

আরেক অদম্য সাইদুর রহমানের বাবা শাহজাহান মিয়া ভ্যানগাড়ি চালান। তাঁদের বাড়ি ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়া গ্রামে। বাড়ি বলতে ২ শতাংশ জমির ওপর একটি মাটির ঘর। নিজস্ব কোনো জমিজিরাত নেই। তিনি বিজ্ঞান বিভাগ থেকে ২০১৫ সালে এসএসসিতে জিপিএ-৪.৮৯ এবং ২০১৭ সালে এইচএইচএসসিতে জিপিএ-৪.২৫ পেয়েছেন। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁরও ভর্তির শেষ সময় ২৩ নভেম্বর।

সাইদুরের মা সালেমা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। ছেলেডা বিশ্ববিদ্যালয়ে পড়বার চায়। কিন্তু হাতে কোনো টেহাপইসা নাই।’

সাইদুরের বাবা শাহাজান মিয়া বলেন, ‘সারা দিন ভ্যান চালাইয়া যা পাই, তা দিয়া সংসার চলে। ছয় ভাইবোনের মধ্যে সাইদুর ছোট। সবাই বিয়েশাদি করে আলাদা সংসার করছে। এখন শুধু এই ছেলেডার লেখাপড়া নিয়া দুশ্চিন্তায় আছি। অহন ভর্তি অইতে মেলা টেহা লাগে। আমার তো এত টেহা দিয়নের সমর্থ নাই। অহন কী করমু বুঝবার পাইতাছি না।’

সাইদুল বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিতে ভর্তির সুযোগ পেয়েছি। ভর্তি হতে প্রায় ১৪ হাজার টাকা লাগে। কিন্তু সময় আছে দুই দিন। কীভাবে ভর্তি হব বুঝতে পারছি না।’

রাঙ্গটিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক বলেন, সাইদুল অত্যন্ত মেধাবী কিন্তু গরিব। তাঁর বৃদ্ধ বাবা ভ্যান চালিয়ে সংসার চালান। এখন যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, তাহলে সাইদুর ভবিষ্যতে অনেক ভালো করবেন।