সুযোগসন্ধানী ভোটার!
‘ওঁদের চোখগুলো কী যেন খুঁজে ফেরে। তা যদি হতো ভালো প্রার্থীর জন্য, তাহলে সমাজ উপকৃত হতো। সৎ-যোগ্য মানুষ উৎসাহিত হয়ে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ বোধ করতেন।’ সুযোগসন্ধানী ভোটারদের নিয়ে কথাগুলো বলছিলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান। ২২ জুন এ উপজেলার ১০ ইউনিয়নে ভোট গ্রহণ হবে।খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি নির্বাচনকে ঘিরে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন সড়কের মোড়, হাটবাজার ও পাড়া-মহল্লায় সুযোগসন্ধানী ভোটাররা ছোট ছোট দলে বিভক্ত হয়ে চট কিংবা বিছানা পেতে দিনরাত বসে থাকেন। প্রার্থীদের পাওয়ামাত্র তাঁরা প্রতীকের স্লোগান ও ভোট প্রদানের আশ্বাস দিয়ে নগদ টাকা নেন বলে অভিযোগ রয়েছে। ভোট পেতে কিংবা বিব্রতকর পরিস্থিতি এড়াতে প্রার্থীরাও বাধ্য হয়ে তাঁদের টাকা দেন।সরেজমিনে ঘুরে অভিযোগের সত্যতাও মিলেছে। বদরগঞ্জ শহরের এক কিলোমিটার উত্তর-পশ্চিমে আমরুলবাড়ী গ্রামের চৌরাস্তার মোড়ে রয়েছে বেশ কয়েকটি চা-পান-সিগারেটের দোকান। সেখানে দিনরাত মানুষের ভিড় লেগেই থাকে। প্রার্থীরাও সেখানে একাধিকবার ঢুঁ মারেন। শুক্রবার রাত ১১টার দিকে সেখানে গিয়ে দেখা গেছে, রাস্তার ধার দিয়ে ভাগ ভাগ করে বিছানো হয়েছে চটের বস্তা; রয়েছে কেরাসিনের বাতি। ছোট ছোট দলে বিভক্ত হয়ে কয়েকজন মানুষ বসে আছেন। সবাই কী যেন খুঁজছেন। কিছুক্ষণের মধ্যে ১১টি মোটরসাইকেলের এক বহর নিয়ে সেখানে আসেন দামোদরপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকুর রহমান। মুহূর্তে পাল্টে যায় দৃশ্য। প্রার্থীকে দেখে আসন ছেড়ে সবাই তাঁর প্রতীকের স্লোগানে প্রকম্পিত করে তোলেন এলাকা। ত্বরিত ওই প্রার্থীর প্রতীক ও নামসংবলিত ব্যাচ পকেটে ঝোলান তাঁরা। কথা বলার পর প্রার্থী তাঁদের চারজনকে আড়ালে নিয়ে কথা বলার পর স্থান ত্যাগ করেন। এর পরই ব্যাচ খুলে সবাই আগের মতো বসে পড়েন।১৫ মিনিট পর সেখানে আসেন আরেক চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক। একইভাবে তাঁরা তাঁর (আজিজুল) প্রতীকখচিত ব্যাচ তড়িঘড়ি বুকে ঝুলিয়ে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। প্রার্থী কয়েকজনকে আড়ালে নিয়ে কথা বলে স্থান ত্যাগ করেন। এরপর রাত একটার মধ্যে সেখানে আসেন চেয়ারম্যান পদপ্রার্থী পরেশ চন্দ্র রায় ও আবদুর রহমান এবং সদস্য পদপ্রার্থী ছফিয়ার রহমান মণ্ডল, হাজ্জাজুল আলম প্রামাণিক, শাহিনুর আলম, মোকছেদুল ইসলাম, আবদুল কুদ্দুস ও আবদুল কাদের। পরেশ চন্দ্র রায়কে দেখে তাঁর প্রতীকের স্লোগান দেওয়া শুরু করলে তিনি মিনিটখানেক দাঁড়িয়ে থেকে স্থান ত্যাগ করেন। এতে নিরাশ হয়ে তাঁর বিরুদ্ধে স্লোগান দেন সুযোগসন্ধানীরা। তাঁদের একজন রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা তো অন্যায় কিছু করছি না। ভোটে জেতার পর প্রার্থীরা আমাদের ভুলে যান। তাই নগদ যা পাচ্ছি, নিচ্ছি। এটাই লাভ।’চেয়ারম্যান পদপ্রার্থী পরেশ চন্দ্র রায় বলেন, ‘ওঁরা সুযোগসন্ধানী ভোটার। প্রতি এলাকায় এ রকম ভোটার রয়েছে। ভোট দেওয়ার আশ্বাস দিয়ে চট-বিছানা পেতে এভাবে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন তাঁরা। এবার এটা তাঁদের নতুন কৌশল।’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সম্পাদক মাহফুজার রহমান বলেন, ভোট দেওয়ার ব্যাপারে ভোটারদের সচেতন হতে হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ভোট প্রদানের আশ্বাসে কিংবা ভোটারদের প্রভাবিত করতে টাকার লেনদেন অবৈধ। এ রকম হলে তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।