সুযোগ্য নেতৃত্ব ও সংগঠিত জনতা থাকলে বিপ্লব সম্ভব: মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সুযোগ্য নেতৃত্ব ও সংগঠিত জনতা থাকলে বিপ্লব সম্ভব হয়, ইরানের ইসলামি বিপ্লব থেকে তা প্রমাণিত হয়েছে। এটি একটি অভূতপূর্ব ঘটনা। এর ফলে ইরান সার্বিক ক্ষেত্রে উন্নতি করেছে।
ইরানের ইসলামি বিপ্লবের ৩৮তম বার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। আজ শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইরান সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যে অবরোধ আরোপ করেছে বিশ্বের দেশগুলোর সহযোগিতায় ইরান তা থেকে বেরিয়ে আসতে পারবে। তিনি বাংলাদেশ ও ইরানের ভ্রাতৃত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজী দেহনাভী বলেন, ইসলামি দর্শন ও শিক্ষা থেকে অনুপ্রাণিত ইসলামি বিপ্লবের ফলে ইরানে একটি মানবিক ও নৈতিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে।
চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। বিপ্লবের আগে ইরান শুধু ব্যবসা ও বিনোদনের জন্য চলচ্চিত্র নির্মাণ করত। কিন্তু পরবর্তী সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ফলে ইরানে আব্বাস কিয়ারোস্তামী, রেজা মিরকারিমের মতো খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতার আবির্ভাব হয়েছে। চলচ্চিত্র অস্কার পুরস্কার পাচ্ছে। এ দেশের নারীরাও এখন চলচ্চিত্র নির্মাণে ও এ নিয়ে পড়াশোনায় এগিয়ে আসছে, যা ইতিবাচক।
উদ্বোধনী দিনে আজ সন্ধ্যা ছয়টা থেকে বাংলায় ডাবিংকৃত ইরানি চলচ্চিত্র ‘গোলহায়ে দাউদি’ (যে ফুল ফোটেনি) প্রদর্শিত হয়। ইরানের ইসলামি বিপ্লবের ৩৮তম বার্ষিকী উপলক্ষে চলচ্চিত্রগুলো জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দর্শকদের জন্য বিনা মূল্যে প্রদর্শিত হবে। ৫ থেকে ৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী বেলা ১১টা ও বেলা ৩টায় মোট ৮টি ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হবে। কাল বেলা ১১টায় ‘দাবিরিস্তান’ (শিক্ষাঙ্গন), বেলা ৩টায় ‘দ্য কালার অব প্যারাডাইস’ প্রদর্শিত হবে। ৬ ফেব্রুয়ারি সকালে ‘কিংডম অব সোলেমান’, বিকেলে ‘শেতাব যাদেহ’ প্রদর্শিত হবে। ৭ ফেব্রুয়ারি সকালে ‘বোগযারে যেন্দিগি কোনাম’ (জীবনসংগ্রাম), বিকেলে ‘রাহে অ-বি আবরিশাম’ (দ্য অ্যাকুয়াটিক সিল্ক রোড) প্রদর্শিত হবে। প্রদর্শনীর শেষ দিন সকালে ‘দ্য সংস অব স্প্যারো’ এবং বিকেলে ‘পারান্দে কুচেকে খোশবাখতি’ (একটি সুখের ছোট পাখি) প্রদর্শিত হবে।
অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান। অনুষ্ঠানে ইরানের ইসলামি বিপ্লব ও দেশটির বর্তমান অবস্থা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোছাইন।