
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যান্ত্রিক পড়াশোনার বাইরে সুর ও ছন্দের মাধ্যমে খানিকটা শান্তির পরশ খুঁজে নিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের এই সুর আর ছন্দ মুগ্ধ করল সেখানে আসা অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বুয়েটের সাংস্কৃতিক সংগঠন মূর্ছনা-এর মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো ‘প্রথম আলো-শেল্টেক্ চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব’। ‘সুরের ভেলায়, প্রাণের খেলায়’ স্লোগান নিয়ে ৩ সেপ্টেম্বর থেকে এই সাংস্কৃতিক উৎসবের সূচনা হয়।
মূর্ছনার পরিবেশনার বিষয় ছিল ‘নগরকাব্যে খুঁজি...নির্বাণ’। পরিবেশনার শুরুটা ছিল সামির রাফসান চৌধুরীর গানের সঙ্গে কাশফিয়া নেহরিনের নাচ দিয়ে। ইট-কাঠের জঞ্জাল, অসহনীয় যানজট ও আর অক্টোপাসের মতো আষ্টেপৃষ্ঠে থাকা নাগরিক যন্ত্রণাগুলো থেকে মুক্তির খোঁজে একের পর এক গান, নাচ, কবিতায় মাতিয়ে রাখে আগত দর্শকদের।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, একটি জাতিকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক চর্চা দরকার। মুক্তিসংগ্রামের আগে ‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা’ শীর্ষক গানটি জাতিকে দারুণভাবে উৎসাহিত করে। তিনি বলেন, শিক্ষার্থীরা প্রথম কাজ পড়াশোনা করে। কিন্তু এর বাইরে সাংস্কৃতিক চর্চা তাদের মেধাকে বিকশিত করে। তিনি যুবদের উৎসাহিত করতে প্রথম আলোর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।
আয়োজক সংগঠন মূর্ছনার সভাপতি সামির রাফসান বলেন, এ ধরনের আয়োজনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একধরনের সাংস্কৃতিক আদান-প্রদান বলা যায়। একে অন্যের কাজ দেখে উৎসাহিত হওয়া। এমন আয়োজন ভালোটা গ্রহণ করার মানসিকতা তৈরি করে।
উৎসবে অংশ নিয়েছে শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলসিঁড়ি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন।