সুর থেমে গেল লালনশিল্পী আবদুর রবের দোতারায়
‘চোখ বুজলেই দোতারার সুর শুনতে পাই। দোতারার সুরের সঙ্গে দেহের সুর মিশে গেছে। যত দিন বাঁচব, দোতারার সুর বাজিয়েই বাঁচব।’এক সাক্ষাৎকারে প্রথম আলোকে এমনটিই জানিয়েছিলেন লালনগীতিশিল্পী আবদুর রব ফকির (৬৫)। সেই সুর আর বাজবে না, থেমে গেছে চিরতরে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে আবদুর রব ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদিতে নিজ গ্রামের বাড়িতেই মারা যান আবদুর রব। তাঁর স্ত্রী আনজেরা খাতুন প্রথম আলোকে বলেন, রব ফকির দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন।
আবদুর রব ফকির নিজেই দোতারা তৈরি করতেন।
১৯৭২ সালের দিকে বাবা সিরাজ জোয়ারদারের হাত ধরে ছেঁউড়িয়ায় লালন সাঁইজির আখড়ায় যেতেন। সেই শুরু। সাধুগুরু ভালো লাগে। লালনের প্রতি ভক্তি আর ভালোবাসায় জড়িয়ে পড়েন। একই সময়ে বেতারে আব্বাসউদ্দীনের গানের সঙ্গে দোতারার সুর শোনেন। প্রথমে বাদ্যযন্ত্রটি কিনে বাজাতে শুরু করেন। তাতে রব ফকিরের মন ভরে না। কেনা যন্ত্রে মনের মতো সুর তুলতে পারেন না। পরে নিজেই দোতারা তৈরি শুরু করেন।

যেই ভাবনা, সেই কাজ। বানালেন দোতারা। কাঁঠাল বা নিম কাঠের কাঠামো। সঙ্গে ছাগল বা গুইসাপের চামড়া, পিতল বা ইস্পাতের প্লেট। তারগুলো পিতল বা রেশমের পাকানো সুতা দিয়ে তৈরি করতেন।
নিজেই সেই দোতারা বাজিয়ে লালন, রবীন্দ্র ও নজরুলের গানের সুর তুলতেন। শাস্ত্রীয় সংগীতের সুর খেলা করত তাঁর দোতারায়। তিনি দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে দোতারা বাজিয়ে গান করেছেন।