সুরক্ষা কৃষি বা কনজারভেশন এগ্রিকালচার হলো মাটি, প্রকৃতি ও জীববৈচিত্র্যের যতটা সম্ভব কম ক্ষতিসাধন করে ফসল উৎপাদন। সেই সঙ্গে উৎপাদন বৃদ্ধি ও টেকসই খামার গড়ে তুলতেও এটি অনুসরণ করা হয়। এ ব্যবস্থাপনায় ফসলভেদে ৪০ শতাংশ পর্যন্ত উৎপাদন বাড়ানো সম্ভব।
তা ছাড়া, উৎপাদন খরচ ৫০-৮৫ শতাংশ ও শ্রমিক খরচ ১৫-৫৫ শতাংশ কমে বলে গবেষণায় উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এশিয়ার ক্ষুদ্র কৃষকদের জন্য সুরক্ষা কৃষি ব্যবস্থাপনার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে এসব তথ্য জানান গবেষকেরা। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চের (এসিআইএআর) অর্থায়নে এক দশক ধরে সুরক্ষা কৃষি বিষয়ে গবেষণা করা হচ্ছে। সেই গবেষণার অগ্রগতি নিয়ে গতকাল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ওই সম্মেলন অনুষ্ঠিত হলো।
গতকাল সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে গবেষণা পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক লুৎফুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. জসিমউদ্দিন খান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ভাগ্যরানী বনীক, এসিআইএআরের কর্মসূচি ব্যবস্থাপক ইভান ক্রিশ্চেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কৃষি গবেষণা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড বেল। সম্মেলনে দেশি-বিদেশি ২৮০ জন বিজ্ঞানী, গবেষক শিক্ষক অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সুরক্ষা কৃষি বিষয়ে অবদানের জন্য মোট ৫০ জন গবেষক ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট দেওয়া হয়।
তা ছাড়া, সম্মেলন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে সুরক্ষা কৃষি ব্যবস্থাপনায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনটি সম্মেলন চলাকালে সবার জন্য উন্মুক্ত থাকবে।