সুরক্ষা দেয়াল বিলীন, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের একটি কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক ও এর সুরক্ষা দেয়াল (গাইড ওয়াল) ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে খুঁটিও। এ অবস্থায় কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
১৮ দিন আগে জোয়ারের তোড়ে কালভার্টের সংযোগ সড়ক ও সুরক্ষা দেয়াল ধসে পড়ে। চার কিলোমিটার দীর্ঘ মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের মাঝামাঝি স্থানে অবস্থিত এই কালভার্ট যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
গত রোববার সরেজমিনে দেখা যায়, কালভার্টের পশ্চিম পাশে সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল ধসে পড়ার পাশাপাশি দুই পাশে সড়ক ভেঙে গেছে। কালভার্টের ওপর দিয়ে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও চাঁদের গাড়ি, টেম্পো, মাইক্রোবাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ।
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল বাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ কামাল হোছাইন বলেন, ঝুঁকিপূর্ণ কালভার্টের কারণে দুই সপ্তাহ ধরে ভারী যান চলাচল বন্ধ।
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকৌশলী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু ভাঙা সুরক্ষা দেয়াল ও সড়ক এখনো সংস্কার করা হয়নি।
স্থানীয় লোকজন বলেন, মাতারবাড়ি ও ধলঘাট ইউনিয়নের মাঝামাঝি স্থানে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। প্রকল্প-সংশ্লিষ্ট লোকজন এই সড়কে চলাচল করেন। তাই এলাকার জনগণের পাশাপাশি তাপবিদ্যুৎ প্রকল্পের স্বার্থে ওই ভাঙা সড়ক সংস্কার করা খুবই জরুরি।
উপজেলা প্রকৌশলী মো. মোশাররেফ হোসেন বলেন, স্থায়ীভাবে সড়ক ও সুরক্ষা দেয়াল সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আপাতত গাছের খুঁটি পুঁতে মাটি ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে।