সুরক্ষা ব্লক সরে ঝুঁকিতে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা বাইপাস সেতুটির এক পাশে সুরক্ষা ব্লক ও মাটি সরে গেছে। ছবিটি গত রোববার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে তোলা l প্রথম আলো
টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা বাইপাস সেতুটির এক পাশে সুরক্ষা ব্লক ও মাটি সরে গেছে। ছবিটি গত রোববার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে তোলা l প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা বাইপাস সেতুর গোড়ায় সুরক্ষা ব্লক সরে গেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে সেতুটি। সম্প্রতি টানা বর্ষণে পাহাড়ি ঢলের স্রোতে ব্লকগুলো সরে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে সেতুর গোড়ায় দ্রুত সংস্কার জরুরি বলে মনে করছেন তাঁরা।

হাইওয়ে পুলিশের তথ্য মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উভয় দিকে প্রতি মিনিটে ৬০টির মতো গাড়ি চলাচল করে।

গত রোববার সরেজমিনে দেখা যায়, চার লেনের কুমিরা বাইপাস এলাকায় কুমিরা খালের ওপর ঢাকামুখী লেনে স্থাপিত সেতুর দক্ষিণ পাশের গোড়ায় ব্লক ধসে এক থেকে দেড় ফুট নিচে নেমে গেছে। দেবে গিয়ে সেখানে গর্তের সৃষ্টি হয়েছে।

মো. রফিক নামের এক স্থানীয় বাসিন্দা প্রথম আলোকে বলেন, চলতি বর্ষায় সীতাকুণ্ডে টানা বৃষ্টি হয়েছে। এতে পানির স্রোতে সেতুটির গোড়ায় দেওয়া ব্লকের নিচের মাটি সরে যায়।

কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই খালের মুখে স্লুইসগেটেরও তিনটি দরজা নেই। ফলে জোয়ার এলে বা ভারী বৃষ্টিতে পাহাড়ের পানি নেমে খালটি ভরে যায়। ভাটা পড়লে স্রোতে সেতুটির গোড়া বারবার ধসে যায়।

কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর সবগুলো সেতুই গুরুত্বপূর্ণ। সেতুটির সুরক্ষা ব্লক দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আশিক কাদির বলেন, আগামী অক্টোবর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক, সেতুসহ সবকিছুর সংস্কারের দায়িত্ব চার লেন প্রকল্প কর্তৃপক্ষের।

সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ও সম্প্রসারিত চার লেনের সীতাকুণ্ড অংশের প্রকল্প ব্যবস্থাপক জুলফিকার আহমেদ প্রথম আলোকে বলেন, সেতুটির গোড়ায় ব্লক সরে যাওয়ার বিষয়টি তিনি জানতেন না। সীতাকুণ্ডে দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিদর্শনের জন্য তিনি পাঠাবেন। এরপর অবস্থা দেখে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।