
চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানার অ্যামোনিয়া ট্যাংকের নিরাপত্তার জন্য পাঁচ ধরনের সুরক্ষা যন্ত্র ছিল। কিন্তু এসব যন্ত্র অনেক দিন ধরেই নষ্ট ছিল। সময়মতো যন্ত্রপাতি মেরামত না করা এবং রক্ষণাবেক্ষণে গাফিলতির কারণেই ট্যাংক দুর্ঘটনা ঘটে। এ জন্য কারখানার জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে সাত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদ উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে কারখানার উপপ্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) ও ইন্সট্রুমেন্ট শাখার প্রধান দিলীপ কুমার বড়ুয়া এবং মহাব্যবস্থাপক (কারিগরি ও রক্ষণাবেক্ষণ) নকিবুল ইসলামকে প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে দুজনের আনুতোষিক (সরকারি কর্মকর্তা হিসেবে অবসরে যাওয়ার পর প্রাপ্য সুবিধা) থেকে ক্ষতিপূরণ আদায়ের কথাও বলা হয়েছে। তাঁরা স্বপদে বহাল থাকা কারখানার জন্য নিরাপদ হবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনার তদন্তে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ১০ সদস্যের পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করে। গত রোববার এই তদন্ত কমিটিও প্রাথমিক প্রতিবেদন জমা দেয়।
গত ২২ আগস্ট রাতে আনোয়ারার রাঙাদিয়া গ্রামে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানার ১ নম্বর ইউনিটে তরল অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাংক বিকট শব্দে ফেটে গ্যাস ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়া ৫৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। দুর্ঘটনার পরই চট্টগ্রাম জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির অপর দুই সদস্য হলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদ প্রথম আলোকে বলেন, কারখানার দুই কর্মকর্তা (দিলীপ কুমার বড়ুয়া ও নকিবুল ইসলাম) চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাঁরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, তরল অ্যামোনিয়া ট্যাংকটির নিরাপত্তার জন্য পাঁচ ধরনের সুরক্ষা যন্ত্র রয়েছে। কিন্তু ট্যাংকের তাপমাত্রা কমানোর জন্য শীতলীকরণ পদ্ধতি তিন বছরের বেশি সময় ধরে নষ্ট। গ্যাসের চাপ মাপার দুটি ‘প্রেশার গজ’ও নষ্ট ছিল। ট্যাংকের তাপ ও চাপ মাপার জন্য স্বয়ংক্রিয় দুটি পদ্ধতির একটি অনেক দিন ধরে নষ্ট ছিল। অন্যটি দুর্ঘটনার আগের দিন নষ্ট হয়ে যায়। ট্যাংকে থাকা অতিরিক্ত গ্যাসের চাপ বের করে দেওয়ার জন্য দুটি ‘প্রেশার ভেন্ট’ও দুর্ঘটনার সময় বন্ধ ছিল। স্বয়ংক্রিয়ভাবে গ্যাসের চাপ নিয়ন্ত্রণের জন্য ফ্লেয়ার সিস্টেমও দুর্ঘটনার সময় অকেজো ছিল বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। এসব যন্ত্রপাতি নষ্ট ও বন্ধ থাকায় গ্যাসের চাপে ট্যাংকটির নিচের অংশে বিস্ফোরণ ঘটে।
তদন্ত প্রতিবেদনের বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি হওয়া উচিত। তাঁদের দায়িত্বে অবহেলার জন্য ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্ত প্রতিবেদনটি শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে তিনি জানান।
কারখানা কর্তৃপক্ষ দুর্ঘটনার সময় ট্যাংকটিতে ২৫০ টন তরল অ্যামোনিয়া থাকার কথা বললেও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তখন ৩৪০ টন তরল অ্যামোনিয়া ছিল। ট্যাংকটির নিরাপত্তার দায়িত্বে থাকা সবাই ছিলেন ‘অপারেটর’। তাঁদের কোনো প্রশিক্ষণ ছিল না।
তদন্ত প্রতিবেদনের বিষয়ে কারখানার উপপ্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) দিলীপ কুমার বড়ুয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘লোডশেডিংয়ের কারণে দুর্ঘটনার আগের দিন স্বয়ংক্রিয় প্ল্যান্ট অপারেশন সিস্টেমের একটি মনিটর অকেজো হয়ে পড়ে। পরদিন বিকেল চারটায় (দুর্ঘটনার ছয় ঘণ্টা আগে) সর্বশেষ মনিটরটিও নষ্ট হয়ে যায়। এটি ঠিক করার চেষ্টা করেও পারিনি।’
আর কারখানার মহাব্যবস্থাপক মো. নকিবুল ইসলাম প্রতিবেদনের বিষয়ে বলেন, ‘দায়ী করলে করুক। আমি কোনো কথা বলব না।’
তদন্ত প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শুধু দুজনকে দায়ী করলে হবে না। কেন তাঁরা পারেননি, যন্ত্রাংশ মেরামত বা আমদানির জন্য উদ্যোগ ছিল কি না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাঁরা এসব জানিয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা দরকার।
পাঁচ সুপারিশ: তদন্ত প্রতিবেদনে পাঁচটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কারখানার ব্যবস্থাপনার উন্নয়ন ও আন্তবিভাগীয় সমন্বয়, কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করা, কারখানার নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য ক্রয়, মেরামত ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর ন্যস্ত করা, কর্মকর্তা-কর্মচারীদের জন্য শক্তিশালী ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠা করা। এ ছাড়া কারখানার ইউটিলিটি সার্ভিসের জন্য নিজস্ব ফায়ার ফাইটিং এবং সেফটি ইউনিট থাকা অত্যন্ত প্রয়োজন বলে সুপারিশ করা হয়েছে।
ক্ষতি ৩০ কোটি টাকা: তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনায় ২৯ কোটি ২৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নতুন ট্যাংক স্থাপনের ব্যয়ও ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ধ্বংস হয়ে যাওয়া ট্যাংকটির মূল্য ছিল পাঁচ থেকে ছয় কোটি টাকা। নতুন ট্যাংক স্থাপনে ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ২২ কোটি টাকা। মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা। প্রাণিসম্পদের ক্ষতি হয়েছে দুই লাখ টাকা।
প্রতিবেদনের বিষয়ে ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক অমল কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, স্বয়ংক্রিয় পদ্ধতির সব যন্ত্রাংশ অচল থাকার বিষয়টি তাঁকে কারখানার কেউ কখনো জানাননি।