সুরঞ্জিত ও সেলিমের মৃদু বাকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতি নিয়ে জাতীয় সংসদে আলোচনাকালে গতকাল মৃদু বাকযুদ্ধ হলো আওয়ামী লীগের দুই সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত ও শেখ ফজলুল করিম সেলিমের মধ্যে। আলোচনার শুরুতেই সুরঞ্জিত সেনগুপ্ত শেখ সেলিমকে ইঙ্গিত করে বলেন, ‘আমি যখন রাজনীতি শুরু করি তখন অনেকে পয়দাই হননি।’ এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত শেখ সেলিম মাইক ছাড়াই তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান। সুরঞ্জিত সেনগুপ্ত তারপর বলেন, ‘আমি যখন জাতীয় রাজনীতি করি, তখন ছাত্র রাজনীতিতে তাঁর জন্ম হয়েছে।’পরে শিক্ষানীতির ওপর আলোচনায় অংশ নেওয়ার সময় শেখ সেলিম সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্দেশ করে বলেন, ‘আমার বয়স এখন ৬৫, আর তাঁর (সুরঞ্জিত সেনগুপ্ত) ৬৭ বছর। তিনি আমার চেয়ে মাত্র দুই বছরের বড়। এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। তবে আমি যখন আওয়ামী লীগের জাতীয় রাজনীতি করি, তখন তিনি কোথায় ছিলেন তা আমি জানি না।’এ সময় স্পিকার আবদুল হামিদ রসিকতা করে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন। শেখ সেলিমের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমরা প্রায় সবাই চুলে রং করে বয়স কমাতে চাই। তাই কেউ যদি আপনাকে স্টিল ইয়ং বলতে চায়; তবে তা মেনে নেন না কেন?’