সুরঞ্জিত-নাছির একই মঞ্চে ছাত্রলীগ-ছাত্রদল হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই-শাল্লার রাজনীতির চিরপ্রতিদ্বন্দ্বী দুই নেতা স্থানীয় সাংসদ দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ নাছিরউদ্দিন চৌধুরী গত রোববার দিরাই কলেজের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় দুই নেতাকে স্বাগত জানাতে গিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে একটার দিকে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত নেতা-কর্মী নিয়ে কলেজ ক্যাম্পাসে আসেন। এর প্রায় আধা ঘণ্টা আগে অনুষ্ঠানে আসা নাছির চৌধুরী অধ্যক্ষের কক্ষ থেকে মঞ্চের দিকে এগিয়ে এলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানিয়ে দলীয় স্লোগান দিতে থাকেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কলেজের ছাত্রী মনি ও হাছনা বলেন, যেভাবে ছাত্রলীগ ও ছাত্রদলের মিছিল নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল তাতে আমরা ভয় পেয়ে যাই। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ মিয়া বলেন, ‘ছাত্রলীগ প্রথমে দলীয় স্লোগান দেয়, আমরা দলীয় স্লোগান শুরু করলে তারা আমাদের দিকে এগিয়ে আসে। আমরা নেতার নির্দেশে সেখান থেকে চলে আসি।’ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ রহমান বলেন, দলীয় স্লোগান নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা গিয়েছিল। তবে তেমন কিছু ঘটেনি।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, ‘বিধি অনুযায়ী আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি।’ তবে ছাত্রলীগ-ছাত্রদলের হাতাহাতির ঘটনার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ নাছিরউদ্দিন চৌধুরী ও দিরাইয়ের পৌর মেয়র আজিজুর রহমান।