সুরঞ্জিত, মান্নান ও অসীমের বাড়িতে ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জিগাতলায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসার দেয়ালে গতকাল শুক্রবার ভোরে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া ধানমন্ডিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান ও বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দীন অসীমের বাসার সামনে গতকাল দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এ ছাড়া মিরপুর ১০ নম্বরে একটি মিনিবাস লক্ষ্য করে এবং শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
সুরঞ্জিতের বাসায় ককটেল: পুলিশ জানিয়েছে, ভোর পৌনে ছয়টার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের বাসার কাছে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। একটি মন্ত্রীর বাড়ির সীমানাদেয়ালে, আরেকটি বাড়ির সামনে মাংসের দোকানের কাছে বিস্ফোরিত হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত কর্মী কামরুল হক জানান, এ ঘটনার জন্য মন্ত্রী বিরোধী দলকে দায়ী করেছেন। পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মান্নান ও অসীমের বাসায় ককটেল: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডির এক নম্বর সড়কে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান এবং বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দীন অসীমের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। একটি ককটেল তাঁদের বাসার দেয়ালে, আরেকটি বাসার সামনে বিস্ফোরিত হয়।
বাসার নিরাপত্তারক্ষী মো. শাহজাহান জানান, চার-পাঁচটি মোটরসাইকেলে আট থেকে ১০ জন দুর্বৃত্ত বাসার প্রধান ফটকের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের কেউ কেউ হেলমেট পরে ছিল।
ধানমন্ডি থানার ওসি মাসুদ করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিষয়টির তদন্ত চলছে।
মিনিবাস লক্ষ্য করে ককটেল: বিকেলের দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় একটি মিনিবাস থেকে কয়েকজন যুবক দুই-তিনটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো বিস্ফোরিত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রথম আলোকে জানান কাফরুল থানার ওসি কাজী আবদুল ওয়াজেদ।
আজিজ সুপার মার্কেটের সামনে: সন্ধ্যার দিকে শাহবাগ থানার আজিজ সুপার মার্কেটের সামনে কয়েকজন দুর্বৃত্ত পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। একটি দ্রুত গতির গাড়িতে করে এসে তারা এ ককটেল বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।