সুরঞ্জিত সেনকে বহিষ্কার করার আহ্বান আহমদ শফীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

গতকাল সোমবার এক বিবৃতিতে শাহ আহমদ শফী এই আহ্বান জানান। গত শনিবার চট্টগ্রামে এক আলোচনা সভায় অংশ নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘গত ৫ মে শাপলা চত্বরের সমাবেশে মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনি খেয়ে হেফাজতিরা “সুবহানাল্লাহ সুবহানাল্লাহ” বলে পালিয়েছে।’ এই অভিযোগ করে গতকাল তার  প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, সুরঞ্জিত সেনগুপ্ত মহান সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে কটাক্ষ করে চরম অমার্জনীয় অপরাধ করেছেন। এ ধরনের মন্তব্য করে তিনি ইসলামের সঙ্গে চরম উপহাস করেছেন।

 পৃথক বিবৃতিতে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, সুরঞ্জিত সেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় বহন করতে হবে।