২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাক্ষী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে আসামিপক্ষের জেরা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এই হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার বিচারকাজ চলছে।
সুরঞ্জিত সেনগুপ্তকে গতকাল বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষে জেরা করা হয়। এর আগে মঙ্গলবার তাঁকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও মো. হানিফের পক্ষে জেরা করা হয়। সেদিন আবদুস সালাম পিন্টুর পক্ষে আংশিক জেরা করা হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার ও মঙ্গলবার আদালতে দেওয়া তাঁর সাক্ষ্যে বলেছিলেন, আবদুস সালাম পিন্টু তাঁর সরকারি বাসভবনে বসে জঙ্গিদের নিয়ে গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিলেন। হাওয়া ভবনে বসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়। জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ দিয়ে আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলা করা হয়। এই মামলার ৪৯১ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ২০৩ জনের সাক্ষ্য-জেরা সম্পন্ন হলো।
আদালত সূত্র বলেছে, এ মামলায় সাক্ষ্য দিতে ২ ডিসেম্বর আওয়ামী লীগের নেতা কাজী জাফর উল্যাহ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মহীউদ্দীন খান আলমগীরকে সমন দেওয়া হয়। কাজী জাফর উল্যাহ সাক্ষ্য দেন ৭ ডিসেম্বর।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। সহায়তা করেন আবু আবুদল্লাহ ভূইয়া, আকরাম উদ্দিন প্রমুখ।
গতকাল সাক্ষ্য গ্রহণ শুরুর আগে এই মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ ২৩ জনকে আদালতে হাজির করা হয়। তারেক রহমানসহ ১৮ জন আসামি পলাতক আছেন। আটজন আছেন জামিনে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে এই মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়।