সুরঞ্জিত সেনগুপ্তকে সোনার নৌকা উপহার
সুনামগঞ্জের দিরাইয়ে গতকাল শুক্রবার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে একটি সোনার নৌকা উপহার দিয়েছেন দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান। মেয়র তাঁর নিজের বিলাসবহুল বাড়িটির নাম ‘সেন ভবন’ রাখারও ঘোষণা দেন। এ সময় মঞ্চে বসা সুরঞ্জিত সেনগুপ্ত মুচকি হাসেন।মন্ত্রী হওয়ার পর সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল শুক্রবার প্রথম তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই-শাল্লায় আসেন। এ জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় বিএডিসি মাঠে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে একপর্যায়ে লন্ডনপ্রবাসী পৌর মেয়র আজিজুর রহমান বক্তব্য দেন। তিনি এলাকায় সুরঞ্জিত সেনগুপ্তের কাছের লোক হিসেবে পরিচিত। তাঁর বাড়ি পৌর শহরে চণ্ডীপুর গ্রামে। সেখানে তাঁর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। গত পৌর নির্বাচনে মন্ত্রী তাঁর পক্ষে ছিলেন। বক্তব্যের একপর্যায়ে মেয়র বলেন, ‘আমার যদি ক্ষমতা থাকত তাহলে দিরাইয়ের সবকিছু সুরঞ্জিত সেনগুপ্তের নামে দিয়ে দিতাম। কিন্তু আমার সেই ক্ষমতা নাই। তাই আমি আমার বাড়িটির নাম সেন ভবন রাখতে চাই।’ এর আগে মেয়রের পক্ষ থেকে সুরঞ্জিত সেনগুপ্তকে সোনার নৌকা উপহার দেওয়া হয়।