ছেলে সৌমেন সেনগুপ্তকে ‘নির্দোষ’ বললেও বাবা সুরঞ্জিত সেনগুপ্তকে এখনো ‘নির্দোষ’ বলেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। বরং রেলের অর্থ কেলেঙ্কারি ও নিয়োগ-বাণিজ্য সম্পর্কে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানালেন দুদকের সচিব ফয়জুর রহমান চৌধুরী। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সচিব ফয়জুর রহমান চৌধুরী এসব কথা বলেন। তিনি দাবি করেন, যাবতীয় তথ্যপ্রমাণ পেয়ে তা যাচাই-বাছাই করে এবং অনুসন্ধান শেষে সৌমেনকে নির্দোষ বলা হয়েছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে পাঁচ কোটি টাকা মূল্যের আইসিএক্স লাইসেন্স নেওয়ার পর সুরঞ্জিতের ছেলে সৌমেনের এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে সংবাদপত্রে খবর বের হলে দুদক বিষয়টি নিয়ে অনুসন্ধান করে। এক প্রশ্নের জবাবে দুদকের সচিব বলেন, সুরঞ্জিতের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়িচালক আলী আজমকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য না পাওয়া পর্যন্ত ঘটনার মূল সূত্র বের করা যাচ্ছে না। ওই রাতে টাকাসহ এপিএস ফারুক গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিলেন, সেটা এখনো বের করা সম্ভব হয়নি। প্রয়োজন হলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তিনি জানান। এ ছাড়া রেলের নিয়োগ-বাণিজ্যের বিষয়ে দুদক অনুসন্ধান করছে—এ কথা জানিয়ে দুদকের সচিব বলেন, আগামী মাসে প্রতিবেদন জমা দেবেন অনুসন্ধানকারী কর্মকর্তারা। প্রয়োজনে এ বিষয়ে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।