বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্তকে বলির পাঁঠা করে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি বলেন, ‘আর টালবাহানা করবেন না। আপনাদের সময় শেষ হয়ে গেছে।’গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।‘সব ক্ষেত্রে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, এই সরকার ব্যর্থ। এরা দুর্নীতিবাজ। দুর্নীতির কারণে একজন পদত্যাগ করেছেন। বিশ্বব্যাংক আরেক মন্ত্রীর দুর্নীতির কারণে অর্থায়ন বন্ধ রেখেছে। এরা মানুষের কল্যাণে কিছুই করতে পারেনি। এদের বিদায় নিতে হবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, একজন মন্ত্রীর পদত্যাগ হলে দুর্নীতি বন্ধ হয়ে যায় না। এ জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। তিনি রেলমন্ত্রীর ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের দাবি জানান।বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ।