সুরঞ্জিতসহ ১৫ জনকে আদালতের শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ বাতিলের আবেদন জানিয়ে গত সোমবার সুনামগঞ্জ দায়রা জজ আদালতে মামলা করেন কলেজের শিক্ষক তরুণ কান্তি দাস।
ওই দিনই আদালতের বিচারক আতিকুল হায়দার কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তসহ ১৫ জনকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন। মামলায় সুরঞ্জিত সেনগুপ্ত, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনি মোহন দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মহিউদ্দিন কবীরসহ ১৯ জনকে বিবাদী করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় গত ১ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, উপজেলা পর্যায়ে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেসব প্রতিষ্ঠানে তফসিল ঘোষণার সময় থেকে নির্বাচন পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ দায়িত্ব পালন করবেন। তবে ইউএনও কমিটির সভা আহ্বান, সভাপতিত্ব করা কিংবা কোনো নিয়োগ দিতে পারবেন না। কিন্তু শাল্লার ইউএনও সভা আহ্বান করে অধ্যক্ষ নিয়োগ দেন।
আরজিতে আরও উল্লেখ করা হয়, সাংসদ সুরঞ্জিত সভাপতি থাকার সময় ২ ডিসেম্বর এক সভা আহ্বান করা হয়। ওই সভার নোটিশে উল্লেখ না থাকলেও ইউএনও কলেজে প্রভাষক ও অধ্যক্ষ নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত করেন। ওই সভাতেই শিক্ষক নিয়োগের জন্য ১১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। ১৩ ডিসেম্বর অবরোধে অর্ধেক পরীক্ষার্থীর উপস্থিতিতে পরীক্ষা নিয়ে একজনকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। তরুণ কান্তি দাস বলেন, এই নিয়োগে পদে পদে অনিয়ম হয়েছে।
কলেজ পরিচালনা কমিটির সদস্য অবনি মোহন দাস বলেন, ‘আমাকে এই নিয়োগের ব্যাপারে কিছু জানানো হয়নি।’ বাদী পক্ষের আইনজীবী স্বপন কুমার দাস রায় জানান, আদালতের বিচারক বিবাদী ১৯ জনের মধ্যে ১৫ জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
ইউএনও এম এম মহিউদ্দিন কবীর বলেন, ‘এই নিয়োগ-প্রক্রিয়া চার-পাঁচ মাস আগে থেকেই চলে আসছিল। নিয়োগে কোনো অনিয়ম হয়নি।’