বাংলাদেশের রাজনীতিতে অন্য রকম এক মানুষ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সত্য বলতে তিনি কখনো পিছপা হতেন না। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আমৃত্যু লড়াই করেছেন। নতুন প্রজন্মের কাছে সুরঞ্জিত সেনগুপ্ত এবং তাঁর আদর্শকে তুলে ধরতে হবে।
সাবেক মন্ত্রী প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গতকাল শনিবার বিকেলে ঢাকার বিএমএ মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে। ঐক্য পরিষদের সভাপতি হিউবার্ট গোমেজ এতে সভাপতিত্ব করেন।
সভায় সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ড. কামাল হোসেন বলেন, অন্যায়কে অন্যায় বলার সাহস সুরঞ্জিতের সব সময় ছিল। সব সময় তিনি সুস্থ রাজনীতি করেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। তরুণ সমাজকে প্রেরণা দিতে সুরঞ্জিতকে জানতে হবে। হেফাজতের সুপারিশে পাঠ্যপুস্তকে যে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে তাঁর সমালোচনা করে ড. কামাল বলেন, সাম্প্রদায়িকীকরণের এই চেষ্টা পাকিস্তান আমলেও হয়েছিল। ১৯৫২, ১৯৫৪, ১৯৭০ কিংবা ২০০৮—কখনোই বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতাকে মেনে নেয়নি।’
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, প্রবীণ আইনজীবী আমীর-উল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রমুখ।