একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন মামলা নিয়ে জনসমক্ষে ‘কাল্পনিক’ মন্তব্য করায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁকে ২ জানুয়ারির মধ্যে আইনজীবীর মাধ্যমে এই ব্যাখ্যা দিতে হবে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদেশে বলা হয়, গত রোববার আমার দেশ পত্রিকায় ছাপা হওয়া একটি প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে এসেছে। ওই প্রতিবেদন অনুসারে, ১৪ দলের গণমিছিলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘... আগামী বছর ২০১৩ সাল। ১৪ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০১৩ সালের যেকোনো সময়ে রায়ে চিহ্নিত ১৪ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে। তাঁদের ফাঁসির রায়ও কার্যকর করা হবে। কেউ ঠেকাতে পারবে না।’ সুরঞ্জিত সেনগুপ্তের এই বক্তব্য ট্রাইব্যুনালের জন্য অত্যন্ত মর্যাদাহানিকর এবং তা স্বাধীন বিচার প্রশাসনের জন্য বাধাস্বরূপ। তিনি কীভাবে এবং কিসের ভিত্তিতে মানুষের সামনে এ ধরনের কাল্পনিক ভবিষ্যদ্বাণী করেছেন, তা ট্রাইব্যুনালের জানা প্রয়োজন।