সুরঞ্জিতের ক্ষমা প্রার্থনা, নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন মামলা নিয়ে জনসম্মুখে ‘কাল্পনিক’ মন্তব্যের ঘটনায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিষয়টির নিষ্পত্তি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, সুরঞ্জিত সেনগুপ্ত নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ট্রাইব্যুনাল বিষয়টির নিষ্পত্তি করলেন। দায়িত্বশীল ব্যক্তিদের বিচারাধীন বিষয়ে এ ধরনের কাল্পনিক মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।গত ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে সুরঞ্জিতের কাছে ওই মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা চান। ওই আদেশে বলা হয়েছিল, ২৩ ডিসেম্বর আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ১৪ দলের গণমিছিলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘...আগামী বছর ২০১৩ সাল। ১৪ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০১৩ সালের যেকোনো সময়ে রায়ে চিহ্নিত ১৪ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে। তাঁদের ফাঁসির রায়ও কার্যকর করা হবে। কেউ ঠেকাতে পারবে না।’ পরে সুরঞ্জিত তাঁর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে ট্রাইব্যুনালে লিখিত ব্যাখ্যা দেন। রাষ্ট্রপক্ষের আবেদন গৃহীত: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের আরও তিনটি নথি অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এগুলো হলো: দৈনিক পূর্বদেশ ও দৈনিক বাংলায় ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত দুটি প্রতিবেদন এবং ১৯৭২-৭৩ সালের একটি গোয়েন্দা প্রতিবেদন। রাষ্ট্রপক্ষ গত সোমবার এ আবেদন করে।পরে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।