সুরঞ্জিতের ছেলেকে জিজ্ঞাসাবাদ করবে দুদক
কোন উৎস থেকে সৌমেন সেনগুপ্ত পাঁচ কোটি টাকা জমা দিয়ে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্স পেয়েছেন, সে বিষয়ে জানতে টেলিযোগাযোগ সংস্থাগুলোতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া আগামী সপ্তাহে দুদকে সৌমেনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে।তবে সৌমেনকে তলব করার আগে তাঁর অর্থবিত্ত, লাইসেন্স প্রাপ্তি প্রভৃতি বিষয়ে প্রয়োজনীয় তথ্য হাতে রাখতে চায় দুদক। দুদক সৌমেনের ব্যাংক লেনদেন ছাড়াও তাঁর আয়কর নথি খতিয়ে দেখবে বলে জানা গেছে।দুদক সূত্র জানান, সৌমেনের গেটওয়ে লাইসেন্স পাওয়ার পেছনে অর্থ বিনিয়োগসহ এ-সংক্রান্ত যাবতীয় তথ্য অনুসন্ধান করতে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য চেয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে চিঠি দিয়েছে দুদক। সংস্থার উপপরিচালক আক্তার হামিদ ভূঁইয়ার স্বাক্ষরে গত বৃহস্পতিবার বিকেলে এই চিঠি দেওয়া হয়। এ ছাড়া সেনগুপ্ত টেলিকমের জন্য অন্তত ৩০ কোটি টাকার যন্ত্রপাতি আমদানির প্রক্রিয়া সম্পর্কেও দুদক তথ্য সংগ্রহ করছে। গেটওয়ে লাইসেন্স পেতে সম্প্রতি বিটিআরসিতে পাঁচ কোটি টাকা জমা দেন সৌমেন সেনগুপ্ত।