সুরঞ্জিতের ছেলের সম্পত্তির হিসাব চাইবে দুদক
সদ্য পদত্যাগ করা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া সেনগুপ্ত টেলিকমের অংশীদার (শেয়ারহোল্ডার) কারা এবং কে কে অর্থ বিনিয়োগ করেছেন, তারও অনুসন্ধান করবে কমিশন।গতকাল সোমবার দুদকের অনিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক সূত্র জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ‘আইসিএক্স’-এর (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ) লাইসেন্স পেয়েছেন সৌমেন সেনগুপ্ত। তাঁর প্রতিষ্ঠানের নাম সেনগুপ্ত টেলিকম। ওই লাইসেন্সের ফি পাঁচ কোটি টাকা। এই টাকার উৎস জানতেই সৌমেনকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেবে দুদক।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, সুরঞ্জিতের অর্থ নিয়ে দুদক তদন্ত করছে। ইতিমধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত, রেলের সাবেক পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও মন্ত্রীর সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি পিলখানায় অর্থ কেলেঙ্কারির বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময়ে সৌমেনের ওই পাঁচ কোটি টাকা কোন উৎস থেকে এসেছে, তা খতিয়ে দেখতেই দুদক সৌমেনকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার এই নোটিশ পাঠানো হতে পারে।শেয়ার নিয়ে গরমিল: যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) সূত্রে জানা গেছে, সেনগুপ্ত টেলিকমের শেয়ারধারী হলেন যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, সুরঞ্জিতের ছেলে সৌমেন সেনগুপ্ত, ঠিকাদার সঞ্জিৎ কুমার দত্ত, মকতুবুর রহমান ও প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুর রহমান। সুরঞ্জিত সেনগুপ্ত তাঁর নিজের শেয়ার জনৈক শাহেদ হাসানের কাছে গত বছরের ২৯ নভেম্বর বিক্রি করে দিয়েছেন বলে আরজেএসসিতে এ বিষয়ে যাবতীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।কিন্তু বিটিআরসির কাছে জমা দেওয়া নথিতে সেনগুপ্ত টেলিকমের শেয়ারধারী হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের নামই উল্লেখ রয়েছে।বিটিআরসি সূত্র জানায়, সর্বশেষ কোম্পানি-সম্পর্কিত তথ্যেও সুরঞ্জিত সেনগুপ্তের নাম বদলানো হয়নি বা আরজেএসসিতে পাঠানো তথ্যের কোনো অনুলিপি জমা দেওয়া হয়নি। সেনগুপ্ত টেলিকমের নামে গত সপ্তাহে ইস্যুকৃত লাইসেন্সের শেয়ারধারীদের তালিকায় এখনো সাবেক রেলমন্ত্রীর নাম রয়েছে।