সুরঞ্জিতের জনসভা বর্জন করলেন তাঁরই ঘনিষ্ঠ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভা বর্জন করেছেন তাঁর কাছের জন হিসেবে পরিচিত সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অবনি মোহন দাস। স্থানীয় আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও জনসভায় যাননি অবনি মোহন দাসসহ দলের শতকরা ৮০ ভাগ নেতা-কর্মী। এ সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এ বিষয়ে অবনি মোহন দাস অভিযোগ করে বলেন, ‘মন্ত্রী সুরঞ্জিত সংবিধান রচনা করলেও তিনি সংবিধান মানেন না। গণতন্ত্রের কথা বলেন, কিন্তু গণতন্ত্র মানেন না। তিনি আজীবন একনায়কতন্ত্রের রাজনীতি করেছেন। দলের নেতৃত্বে অন্য কেউ আসুক, তা তিনি চান না।’মোহন দাস বলেন, ‘শাল্লায় কর্মসূচি পালন করা হবে, আর আমাকে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে যেভাবে বলার কথা, সেভাবে বলা হবে না, তা হয় না।’ তিনি বলেন, ‘সুরঞ্জিতের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার রাজনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন। আমিই আওয়ামী লীগের সুখে-দুঃখে আছি। নেতা-কর্মীদের দেখভাল করছি।’ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘রাহুতলা বাজারে জনসভা হওয়ার কথা থাকলেও তা হয়েছে দাউদপুরে। আমাদের কিছু না জানিয়ে বিএনপি থেকে আসা নব্য কয়েকজনকে নিয়ে ইউনিয়ন সমেঞ্চলন করা হবে, তা আমরা মেনে নিতে পারি না। তাই ৮০ ভাগ নেতা-কর্মীই জনসভা বর্জন করেছেন।’