সুরঞ্জিতের জনসভায় গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় জঙ্গিদের গ্রেনেড হামলার মামলার অভিযোগ (চার্জ) গঠন হয়েছে। গতকাল বুধবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব-উল-ইসলামের আদালতে হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ ছয় আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের পরপরই আদালত মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৩ জুলাই তারিখ ধার্য করেন।আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ২১ জুন দুপুরে সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে জিওর মন্দিরের কাছে জনসভামঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরিত হয়। গ্রেনেড হামলায় ঘটনাস্থলে একজন আওয়ামী লীগের কর্মী নিহত ও ২৯ জন আহত হন। হামলার সময় সুরঞ্জিত অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দিরাই থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটো মামলা হয়। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর সিলেট অঞ্চলের হরকাতুল জিহাদের জঙ্গি শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল ও হাফেজ সৈয়দ নাঈম ওরফে আরিফ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলে তাঁদের স্বীকারোক্তি থেকে গ্রেনেড হামলার বিষয়টি প্রকাশ পায়। পরবর্তী সময়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি মামলার অধিকতর তদন্ত করে হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নান, তাঁর ভাই মহিবুল্লাহ ওরফে অভি, মইনুদ্দিন ওরফে আবু জান্দাল, দেলোয়ার হোসেন ওরফে রিপন, নাজিউর রহমান ওরফে নাজুসহ বিপুল ও নাঈমকে অভিযুক্ত করে ২০০৮ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। গতকাল আদালতে ছয় আসামির উপস্থিতিতে হত্যা ও বিস্ফোরক আইনের দুটো মামলার অভিযোগ গঠন হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচার কার্যক্রম শুরু হলো। আদালত আগামী ১৩ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।