সুরঞ্জিতের জনসভায় গ্রেনেড হামলার মামলা অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় হরকাতুল জিহাদের জঙ্গিদের গ্রেনেড হামলার ঘটনা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ মাহবুব-উল-ইসলাম গতকাল মঙ্গলবার এ আদেশ দিয়ে মামলার সব নথিপত্র ফের সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর প্রথম আলোকে বলেন, ‘তদন্তে কিছু বিষয় অস্পষ্ট থাকায় এবং আসামিদের দেওয়া জবানবন্দির সঙ্গে তদন্ত প্রতিবেদনের অসামঞ্জস্য থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশনা দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি সুনামগঞ্জে প্রেরণ এবং অধিকতর তদন্তের ব্যবস্থা নিতে বলা হয়েছে।২০০৪ সালের ২১ জুন দুপুরে সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের জিওর মন্দিরের কাছে জনসভামঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরিত হয়। গ্রেনেড হামলায় ঘটনাস্থলে আওয়ামী লীগের একজন কর্মী নিহত ও ২৯ জন আহত হন। হামলার সময় সুরঞ্জিত অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দিরাই থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।২০০৬ সালের ৪ সেপ্টেম্বর হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল ও হাফেজ সৈয়দ নাঈম ওরফে আরিফ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলে তাঁদের স্বীকারোক্তি থেকে গ্রেনেড হামলার বিষয়টি প্রকাশ পায়।পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার অধিকতর তদন্ত করে হরকাতুল জিহাদের শীর্ষস্থানীয় জঙ্গি মুফতি হান্নান, তাঁর ভাই মহিবুল্লাহ ওরফে অভি, মইনুদ্দিন ওরফে আবু জান্দাল, দেলোয়ার হোসেন ওরফে রিপন, নাজিউর রহমান ওরফে নাজু, শরীফ সাহেদুল আলম বিপুল ও হাফিজ সৈয়দ নাঈম আহমদ আরিফকে অভিযুক্ত করে ২০০৮ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।