সুরঞ্জিতের দপ্তরবিহীন মন্ত্রিত্ব নিয়ে করা রিটের আদেশ বৃহস্পতিবার
সাবেক রেলমন্ত্রী ও সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনের ওপর বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি নিয়ে গতকাল রোববার আদেশের এ দিন ধার্য করেন।সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক গত ২৭ সেপ্টেম্বর সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ অক্টোবর আদালত শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন। গতকাল শুনানি হয়। রিটকারীপক্ষে তুহিন মালিক ও আবদুল হালিম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান।শুনানিতে রিটকারীপক্ষের আইনজীবীরা বলেন, কোনো মন্ত্রী পদত্যাগ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেওয়ার পরই তা কার্যকর হয়ে যায়। পদত্যাগ করার পর সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুসারে শপথ নেওয়া এবং শপথে স্বাক্ষর করার কথা। কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত নতুন করে শপথ নেননি এবং শপথে স্বাক্ষর করেননি।