সুরঞ্জিতের দপ্তরবিহীন মন্ত্রী থাকার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট
সাবেক রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে মন্ত্রিপরিষদে দপ্তরবিহীন মন্ত্রীর পদের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়।আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিকের করা এ রিটটি গত রোববার অপর একটি বেঞ্চে প্রথম দাখিল করা হয়েছিল। তিনি জানান, ওই বেঞ্চ তা গ্রহণে অসম্মতি জানালে পরে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে রিটটি জমা দেওয়া হয়। রিটে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বেতন-ভাতা ও সুবিধাদি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে নিয়োগসংক্রান্ত ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব ও আইনসচিবকে বিবাদী করা হয়েছে।