সুরঞ্জিতের দপ্তরবিহীন মন্ত্রী পদে বহাল নিয়ে রিট শুনানি রোববার
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে নিয়োগের বৈধতা প্রশ্নে করা রিটের ওপর শুনানি হবে আগামী রোববার। গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন।সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক বৃহস্পতিবার রিট আবেদনটি করেন। এতে মন্ত্রিপরিষদে দপ্তরবিহীন মন্ত্রীর পদের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। বিষয়টি গতকাল আদালতের দৈনন্দিন কার্যতালিতায় ১৫৪ নম্বর ক্রমিকে ছিল। বিরতির পর দুপুরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত রোববার বেলা দুইটায় শুনানির সময় ধার্য করেন। রিট আবেদনে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বেতন-ভাতা ও সুবিধাদি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রীর পদে নিয়োগসংক্রান্ত ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব ও আইনসচিবকে বিবাদী করা হয়।