সুরঞ্জিতের দুঃখ প্রকাশ
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত গত ৮ মে চট্টগ্রামে দেওয়া তাঁর কোনো বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর বিবৃতির জবাবে গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এ দুঃখ প্রকাশ করেন। ৮ মে চট্টগ্রামে হেফাজতে ইসলাম সম্পর্কে প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিমূলক, অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সুরঞ্জিত। মন্ত্রী জানান, দেশের সব আলেম-ওলামা ও ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল। হেফাজতে ইসলাম এবং এর আমির আল্লামা আহমদ শফীর প্রতিও তাঁর বিশেষ শ্রদ্ধা আছে। তিনি কেবল ৫ মে শাপলা চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছদ্মবেশী জামায়াত-শিবিরের সন্ত্রাসী এবং বিএনপির উগ্র সাম্প্রদায়িক, ক্ষমতালোভী অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য করেই বক্তব্য দিয়েছিলেন। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিপ্রায় তাঁর ছিল না। বিজ্ঞপ্তি।